নীল সমুদ্রের বুকে যাযাবর এক জনগোষ্ঠী
নেই কোনো দেশের নাগরিক পরিচয়। সমুদ্রই তাদের ঘর, সমুদ্রই ঠিকানা। নীল জলরাশির বুকেই বেড়ে ওঠে প্রজন্মের পর প্রজন্ম। পানির নিচে ডুব দিয়ে মাছ ধরায় তাদের দক্ষতা এতটাই অসাধারণ যে অক্সিজেন সরঞ্জাম ছাড়াই থাকতে পারে দীর্ঘ সময়। বলছি দক্ষিণ-পূর্ব এশিয়ার সুলু সাগর অঞ্চলের বাজাউ জনগোষ্ঠীর কথা।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বাজাউদের প্লীহা (রক্ত ও রোগ প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গ) সাধারণ মানুষের তুলনায় বড়। এই শারীরিক বৈশিষ্ট্য তাদের দীর্ঘক্ষণ পানির নিচে থাকতে সাহায্য করে। প্রায় ২০০ ফুট গভীরে নেমে ১০ মিনিট পর্যন্ত ডুব দিয়ে থাকতে পারে তারা। যা যেকোনো দক্ষ ডুবুরিকেও হার মানাবে।
নীল সমুদ্রের বুকে নৌকায় ভেসে বেড়ানোই তাদের জীবন। স্থলভাগের সীমানা কিংবা রাষ্ট্রের সীমান্ত নয়, সমুদ্রই তাদের ঠিকানা। শত শত বছর ধরে সমুদ্রকে ঘিরেই গড়ে উঠেছে তাদের জীবন ও জীবিকা। মালয়েশিয়া, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকায় রয়েছে তাদের বসতি। পঞ্চদশ শতক থেকেই ফিলিপাইন ও মালয়েশিয়ার সাবাহ অঞ্চলের মধ্যে যাতায়াত করে আসছে যাযাবর এই জনগোষ্ঠী।
বাজাউরা নৌকায় বসবাস করে। তাদের ঐতিহ্যবাহী নৌকার নাম ‘লানসা’। নিজেরাই কাঠের নৌকা তৈরি করতে পারে। এই দক্ষতা তারা শিখেছে পূর্বপুরুষদের কাছ থেকে। সামুদ্রিক খাবার খেয়েই মূলত তারা বেঁচে থাকে।
ইটপাথরের জগতের বাইরে সমুদ্রের মাঝে বেড়ে ওঠা ও জীবন-জীবিকা নির্বাহ করাকে আপাতদৃষ্টিতে বেশ রোমাঞ্চকর মনে হলেও বাজাউদের জীবন দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে।
একসময় মালয়েশিয়া, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার মধ্যে সামুদ্রিক সীমান্ত ছিল না। পরে এসব দেশের মধ্যে সীমান্ত নির্ধারণ করা হলে বাজাউদের অবাধে চলাচলে বাধা তৈরি হয়। ১৮৮৫ সালের মাদ্রিদ প্রটোকলে সুলু সাগর অঞ্চলের সামুদ্রিক সীমানা নির্ধারণ করা হয়। এতে তাদের দীর্ঘদিনের জীবনযাত্রা ব্যাহত হয়।
বাজাউদের সংকট আরও বাড়ে মালয়েশিয়ার ১৯৫৯/১৯৬৩ সালের অভিবাসন আইনের কারণে। এই আইনে আশ্রয়প্রার্থী, শরণার্থী, অভিবাসী ও রাষ্ট্রহীন মানুষের মধ্যে সুস্পষ্ট পার্থক্য করা হয়নি। ফলে নাগরিকত্ব ও আইনি স্বীকৃতি নিয়ে জটিলতায় পড়ে এই জনগোষ্ঠী। ১৯৭০ সালে ফিলিপাইনের মিনদানা অঞ্চলে গৃহযুদ্ধ শুরু হলে অনেক বাজাউ পরিবার বোর্নিওর পূর্ব উপকূলে চলে আসে। এরপর থেকে মালয়েশিয়ায় তাদের জীবন কাটছে নাগরিকত্ব ও পরিচয়ের অনিশ্চয়তায়।
গার্ডিয়ানের ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, তখন মাত্র ১০০-২০০ জন বাজাউ ঐতিহ্যবাহী ‘লানসা’ নৌকায় বসবাস করত। নাগরিকত্ব না থাকায় বোর্নিওর মূল ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসের অধিকারও তাদের নেই। অন্যদিকে ফিলিপাইনে পূর্বপুরুষদের কাছ থেকে শেখা পদ্ধতিতে মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী শিকার করেই জীবিকা চালায় তারা। নিজেদের প্রয়োজন মেটানোর পর বাড়তি মাছ, চিংড়ি ও সামুদ্রিক শসা বিক্রি বা বিনিময় করে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে।
তবে নৌকার জীবনও দিন দিন কঠিন হয়ে উঠছে। নৌকা মেরামতের জন্য কাঠ সংগ্রহে স্থানীয় জাতীয় উদ্যান কর্তৃপক্ষের বিধিনিষেধ রয়েছে। অর্থসংকটও বড় সমস্যা। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে স্থলভাগে বসতি গড়ার কথা ভাবছে। কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছে নতুন সংকট। রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকায় শিশুরা সরকারি স্কুলে পড়ার সুযোগ পায় না। বড়রাও আনুষ্ঠানিক চাকরি করতে পারে না। স্থলভাগে তাদের থাকতে হয় সমাজের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে।
অথচ সমুদ্রের বুকে বাজাউরা এক স্বনির্ভর জনগোষ্ঠী। মাছ ধরা, নৌকা তৈরি থেকে শুরু করে জীবনযাপনের নানা দক্ষতা তারা শিখেছে পূর্বপুরুষদের কাছ থেকে। সমুদ্রই তাদের পাঠশালা, সমুদ্রই জীবিকার উৎস। কিন্তু রাষ্ট্রীয় সীমান্ত, নাগরিকত্বের সংকট ও নানা বিধিনিষেধ তাদের সেই জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। স্থলভাগে ঠাঁই নিতে গিয়ে হারিয়ে যেতে বসেছে শত শত বছরের ঐতিহ্য ও স্বতন্ত্র জীবনধারা।
