হারিয়ে যেতে বসেছে দেড়’শ বছরের নকিপুর জমিদার বাড়ি
এক সময় ছিল তিনতলা বিশাল প্রাসাদ। সারি সারি স্তম্ভ, দৃষ্টিনন্দন খিলান, কারুকার্যখচিত দেয়াল আর সুবিশাল কক্ষজুড়ে ছিল জমিদারি আভিজাত্যের ছাপ। সামনে বিশাল মাঠ, পাশে শান বাঁধানো পুকুরঘাট, নহবতখানা ও জোড়া শিবমন্দির। সব মিলিয়ে স্থাপনাটি ছিল এক সমৃদ্ধ অতীতের জীবন্ত প্রতিচ্ছবি। সময়ের পরিক্রমায় সেই জৌলুশ আর নেই। ছাদের বড় অংশ ধসে পড়েছে, দেয়ালের পলেস্তারা খসে বেরিয়ে এসেছে ইট। চারপাশ ঢেকে গেছে আগাছা আর গাছপালায়। এভাবেই ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহ্যবাহী নকিপুর জমিদারবাড়ি।
প্রায় দেড়শ বছরের পুরোনো এ স্থাপনা এখন দাঁড়িয়ে আছে ধ্বংসের দ্বারপ্রান্তে। দীর্ঘদিনের অযত্ন, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে জমিদারি ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এই নিদর্শনটি হারাচ্ছে তার অস্তিত্ব। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হলে একসময় ইতিহাসের পাতা ছাড়া আর কোথাও খুঁজে পাওয়া যাবে না নকিপুর জমিদারবাড়ির স্মৃতি।
নকিপুর জমিদারবাড়ির ইতিহাস
ইতিহাস ও স্থানীয়দের দেওয়া তথ্যানুযায়ী, ১৮৮৮ সালে জমিদার হরিচরণ রায় চৌধুরী নির্মাণ করেন নকিপুর জমিদারবাড়ি। ইংরেজি ‘এল’ আকৃতির নকশায় তৈরি তিনতলা ভবনটিতে ছিল মোট ৪১টি কক্ষ। প্রায় ১২ বিঘা জমির ওপর গড়ে ওঠা পুরো স্থাপনাটির মধ্যে মূল প্রাসাদ নির্মিত হয়েছিল সাড়ে তিন বিঘা জমিতে। ভবনটির চারপাশ ঘেরা ছিল প্রায় দেড় হাত পুরু শক্ত দেয়ালে।
প্রাসাদে প্রবেশের জন্য ছিল বিশাল সিংহদ্বার। সামনে বিস্তীর্ণ মাঠ, আর কিছুটা দূরেই বড় একটি পুকুর। পুকুরটির চারপাশে ছিল শান বাঁধানো ঘাট। গ্রীষ্মকালেও পুকুরের পানি শুকাত না বলে স্থানীয়দের মুখে প্রচলিত রয়েছে। ঘাটের পাশেই ছিল সিঁড়িযুক্ত নহবতখানা। এর আটটি স্তম্ভ এখনো অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
প্রায় ২১২ ফুট দীর্ঘ ও ৩৭ ফুট প্রশস্ত ভবনটির স্থাপত্যে ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শৈলীর প্রভাব। অলিন্দ, খিলান, স্তম্ভ ও পেডিমেন্টের নকশায় ফুটে উঠেছিল সেই সময়ের নির্মাণশৈলী। ভবনের কক্ষগুলো সাজানো ছিল শৈল্পিক কাঠের আসবাব, কার্পেট ও চন্দনকাঠের পালঙ্ক দিয়ে। দরজা-জানালা তৈরি হয়েছিল শাল, সেগুন কাঠ ও লোহা দিয়ে। ছাদ ছিল প্রায় ১০ ইঞ্চি পুরু চুন-সুরকির।
একসময় জমিদার পরিবারের বসবাসের পাশাপাশি স্থানীয় জনজীবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল বাড়িটি। শ্যামনগর উপজেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে এবং সাতক্ষীরা জেলা শহর থেকে প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান।
জমিদার হরিচরণ রায় চৌধুরী শুধু প্রতাপশালী জমিদারই ছিলেন না, জনকল্যাণমূলক কাজেও তার অবদান ছিল। ১৮৯৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন নকিপুর মাইনর স্কুল। বর্তমানে প্রতিষ্ঠানটি নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় নামে পরিচিত।
স্থানীয়দের মুখে তার সম্পদ অর্জন নিয়ে নানা গল্প প্রচলিত রয়েছে। লোককথা অনুযায়ী, তার মা নিস্তারিণী রায় স্বপ্নে গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন। সেই গুপ্তধন থেকেই নাকি হরিচরণ বিপুল সম্পদের মালিক হন। পরে জমি কিনে গড়ে তোলেন বিশাল জমিদারি।
১৯১৫ সালে হরিচরণ রায় চৌধুরীর মৃত্যু হলে তার দুই ছেলে সতীন্দ্রনাথ চৌধুরী ও যতীন্দ্রনাথ চৌধুরী জমিদারির দায়িত্ব নেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের পরিবারের অবস্থারও পরিবর্তন ঘটে। ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর পরিবারটি আর্থিক সংকটে পড়ে। ১৯৭১ সালে পরিবারের সর্বশেষ উত্তরাধিকারীরা কলকাতায় চলে গেলে বাড়িটি কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে।
এরপর থেকেই শুরু হয় স্থাপনাটির ক্রমাগত অবক্ষয়। অযত্নের পাশাপাশি চুরি ও লুটপাটে হারিয়ে যায় মূল্যবান আসবাব, স্থাপত্য উপকরণসহ নানা স্মৃতিচিহ্ন। একসময় জমিদার পরিবারের দুর্গাপূজা আয়োজনের জন্য নির্মিত বিশেষ পাকা মণ্ডপটিও আজ কেবল স্মৃতি।
স্মৃতিতে এখনো জীবন্ত জমিদারবাড়ি
স্থানীয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর স্মৃতিতে এখনো জীবন্ত নকিপুর জমিদারবাড়ির অতীত। বাসসকে তিনি জানান, জমিদার হরিচরণ রায় চৌধুরীর পূর্বপুরুষদের বসবাস ছিল ভারতের মুর্শিদাবাদে। পরে তারা শ্যামনগরের বেলেডাঙ্গা চৌধুরী আটি এলাকায় আসেন। হরিচরণ রায় চৌধুরীর বাবা পীরেনাথ চৌধুরী নকিপুরে জমি কেনেন। সেখানেই জন্ম হয় হরিচরণের।
কৃষ্ণানন্দ মুখার্জী বলেন, ১৯৮৮ সালেও তিনি জমিদারবাড়িটি দেখেছেন। তখনো ভবনটি বসবাসের উপযোগী ছিল। ভবনের একাংশে সিএ রেভিনিউ অফিসের কার্যক্রম চলত। সেখানে কর্মকর্তার পরিবারও বসবাস করত। তার মতে, সে সময় সংস্কারের উদ্যোগ নেওয়া হলে স্থাপনাটির অনেক কিছুই অক্ষত রাখা সম্ভব হতো। এখনো সরকারের উদ্যোগে বাড়িটি সংস্কার ও সংরক্ষণের দাবি জানান তিনি।
তিনি আরও জানান, ২০০০ সালে নকিপুর হরিচরণ পাইলট স্কুলের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে জমিদার পরিবারের উত্তরসূরিরা এসেছিলেন। তাদের মধ্যে ছিলেন রায় বিবনন্দ চৌধুরী এবং প্রখ্যাত সুরকার পুলক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও ছেলে। সেদিন তারা জমিদারবাড়ির পুরোনো স্মৃতি স্মরণ করেন। কোন ঘরে থাকতেন, পুকুরপাড়ের কোথায় বসতেন—সেসব স্মৃতিও তুলে ধরেন।
স্থানীয় বাসিন্দা রাজেন্দ্র মণ্ডল বাসসকে জানান, তাদের পূর্বপুরুষদের কাছ থেকে জমিদারবাড়ির নানা গল্প শুনেছেন। একসময় এখানে একটি পীরের থান ছিল, যেখানে জমিদার হরিচরণ রায় চৌধুরী পূজা-অর্চনা করতেন বলে প্রচলিত রয়েছে। স্থানীয়রা চাঁদা তুলে সেই স্মৃতিচিহ্ন ধরে রাখার চেষ্টা করছেন।
জমিদারবাড়ির প্রতিবেশী কৃষক শেখ সিরাজুল ইসলাম জানান, বাড়িটির দক্ষিণ পাশে এখনো দুটি একতলা শিবমন্দির রয়েছে। পাশেই রয়েছে আলীর থান নামে পরিচিত একটি স্থান।
স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাল জানান, ছোটবেলা থেকেই তিনি এই এলাকায় বড় হয়েছেন। ১০ থেকে ১৫ বছর আগে সরকার উদ্যোগ নিয়ে জায়গাটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুললে এটি এলাকার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারত। কিন্তু এখন পুরো এলাকা গাছপালা ও আগাছায় ঢেকে গেছে। পরিবেশও নোংরা হয়ে পড়েছে।
এক সময় যে জমিদারবাড়ি ছিল আভিজাত্যের প্রতীক, সেখানে এখন মানবেতর জীবন কাটাচ্ছেন কয়েকজন বাসিন্দা। দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন আনোয়ারা খাতুন। তিনি বলেন, ছোটবেলা থেকেই তিনি এই বাড়িতে আছেন। তার মা একসময় সিও সাহেবের বাড়িতে রান্নার কাজ করতেন। তখন ভবনটিতে অসংখ্য কক্ষ ছিল। সময়ের সঙ্গে অনেক কক্ষ ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে সেখানে কষ্টের মধ্যে দিন কাটছে তাদের।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বাসসকে জানান, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ শ্যামনগরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা নকিপুর জমিদারবাড়ি। এটি সংরক্ষণের লক্ষ্যে স্থাপনাটির বিভিন্ন তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ বাসসকে বলেন, সাতক্ষীরা জেলায় যে সমস্ত প্রত্নতাত্বিক সম্পদ রয়েছে, তার মধ্যে শ্যামনগর উপজেলার নকিপুর জমিদার বাড়িটি অন্যতম। সেটির ঐতিহ্যকে ধরে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।
কালের বিবর্তনে অনেক স্থাপনাই হারিয়ে যায়। কিন্তু কিছু স্থাপনা শুধু ইট-পাথরের কাঠামো নয়, একটি জনপদের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের স্মৃতির ধারক। নকিপুর জমিদারবাড়িও তেমনই একটি নিদর্শন। যথাযথ সংরক্ষণ করা গেলে এটি হতে পারে ইতিহাসপ্রেমী ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। তাই সময় থাকতে উদ্যোগ নেওয়াই এখন সবচেয়ে জরুরি। নয়তো একদিন কালের গর্ভে হারিয়ে যাবে দেড়শ বছরের এই ঐতিহ্য, থেকে যাবে শুধু মানুষের স্মৃতিতে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)