শহর ছেড়ে ঘুরে আসুন তুরাগ পাড়ের কাউন্দিয়া ওয়াকওয়ে
যান্ত্রিক ঢাকার কোলাহল, ধোঁয়া আর যানজটের ক্লান্তি ঝেড়ে ফেলতে নগরবাসী এখন খুঁজে ফেরেন একটু খোলা আকাশ আর সবুজের ছোঁয়া। ব্যস্ত জীবনের ফাঁকে খুব দূরে যাওয়ার সময় যাঁদের নেই, তাঁদের জন্য ঢাকার খুব কাছেই গড়ে উঠেছে এক চমৎকার অবসর যাপন কেন্দ্র তুরাগ নদীর তীরঘেঁষা কাউন্দিয়া ওয়াকওয়ে।
বিকেলের মিষ্টি রোদ, নদীর শীতল বাতাস আর সবুজ প্রকৃতির মেলবন্ধনে জায়গাটি এরই মধ্যে ভ্রমণপিপাসুদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
কেন যাবেন কাউন্দিয়া ওয়াকওয়েতে?
তুরাগ নদীর ঠিক পাড় ঘেঁষে তৈরি এই দীর্ঘ ওয়াকওয়েতে হাঁটলে নদীর শীতল হাওয়ায় মন জুড়িয়ে যায়, আর বিকেলে নদীর পানিতে সূর্যাস্তের লালচে আভা দেখার অভিজ্ঞতা সত্যিই দারুণ। শহরের একদম গা ঘেঁষে হলেও তুরাগের ওপারে কাউন্দিয়া অংশে পা রাখলেই মনে হবে আপনি ঢাকার বাইরের কোনো শান্ত গ্রামে চলে এসেছেন। চারপাশের সবুজ গাছপালা, খোলামেলা পরিবেশ ও নির্জনতা যেমন মানসিক প্রশান্তি দেয়, তেমনি বিকেলে হাঁটাহাঁটি বা জগিং করার জন্যও এটি আদর্শ। পাশাপাশি ওয়াকওয়ের চমৎকার স্থাপত্য, নদীর ঘাট এবং নৌকা চলাচলের দৃশ্য ফটোগ্রাফির জন্য দারুণ পটভূমি তৈরি করে।
চাইলে স্থানীয় ঘাট থেকে ছোট নৌকা বা ট্রলার ভাড়া করে তুরাগ নদীর বুকে কিছুক্ষণ ঘুরেও বেড়াতে পারেন।
যেভাবে যাবেন
ঢাকার যেকোনো প্রান্ত থেকে খুব সহজেই ও কম খরচে কাউন্দিয়া ওয়াকওয়েতে যাওয়া যায়। সবচেয়ে সহজ রুট হলো মিরপুর-১ হয়ে যাওয়া। ঢাকার যেকোনো জায়গা থেকে প্রথমে বাস বা নিজস্ব বাহনে মিরপুর-১ গোলচত্বরে এসে সেখান থেকে রিকশা বা অটোরিকশায় ৩০ টাকায় টাকা ভাড়ায় দিয়াবাড়ি বটতলা অথবা পালপাড়া ঘাট যেতে হবে। ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকা বা খেয়া মাত্র ২ মিনিটে জনপ্রতি ১০-১৫ টাকা ভাড়ায় নদী পার হলেই পৌঁছে যাবেন কাউন্দিয়া ঘাটে, যেখানে নামলেই চোখে পড়বে সুসজ্জিত ওয়াকওয়েটি। এছাড়া গাবতলী বাস টার্মিনাল বা আমিনবাজার ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধের ঘাট থেকেও নৌকায় নদী পার হয়ে সরাসরি কাউন্দিয়া এলাকায় যাওয়া সম্ভব।
কাউন্দিয়া ওয়াকওয়েতে ঘুরতে যাওয়ার সেরা সময় হলো বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত, কারণ এ সময় রোদের তাপ কম থাকে এবং নদীর মিষ্টি বাতাস উপভোগ করা যায়। তবে সন্ধ্যা ঘনিয়ে এলে এলাকাটি কিছুটা নির্জন হয়ে যায় বলে সন্ধ্যার পরপরই শহরের দিকে ফিরে আসা নিরাপদ।
নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে ভ্রমণের সময় যেখানে-সেখানে প্লাস্টিক বা চিপসের প্যাকেট না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। ছুটির দিনে বা কর্মব্যস্ত দিনের শেষে প্রিয়জন কিংবা বন্ধুদের নিয়ে অল্প সময়ে সতেজ হয়ে ফিরতে চাইলে কাউন্দিয়া ওয়াকওয়ে হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।

ফিচার ডেস্ক