কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছেন? পর্যটকদের নতুন ঠিকানা ‘হোমস্টে’
হিমালয়ের অপরূপ সৌন্দর্য আর তুষারশুভ্র পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার মুগ্ধকর দৃশ্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছুটে আসছেন হাজারো পর্যটক। ভ্রমণপিপাসুদের বাড়তি আগমনে বিশেষ করে ছুটির দিনগুলোতে স্থানীয় আবাসিক হোটেল ও অবকাশযাপন কেন্দ্রগুলোতে তীব্র আবাসন সংকট দেখা দিচ্ছে। এই সংকট মোকাবিলায় এগিয়ে এসেছেন স্থানীয় বাড়ির মালিকেরা। নিজেদের বাড়ির খালি কক্ষ পর্যটকদের জন্য ভাড়া দিয়ে তারা গড়ে তুলেছেন গৃহভিত্তিক আতিথেয়তা (হোমস্টে) ব্যবস্থা। এতে একদিকে যেমন পর্যটকদের আবাসন সংকট অনেকটাই কমছে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য তৈরি হচ্ছে বাড়তি আয়ের নতুন সুযোগ।
প্রতিবছর শীতের আগমনী বার্তার সঙ্গে প্রকৃতিতে যখন স্বচ্ছ নীল আকাশের দেখা মেলে, তখনই তেঁতুলিয়া থেকে স্পষ্টভাবে দৃশ্যমান হয় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে দেশের নানা অঞ্চল থেকে পর্যটকদের ঢল নামে উত্তরের সীমান্তঘেঁষা এই জনপদে। পর্যটকদের বাড়তি চাপে স্থানীয় হোটেল ও অবকাশযাপন কেন্দ্রগুলোতে অনেক সময় কাঙ্ক্ষিত কক্ষ মেলে না। ফলে দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের পড়তে হয় বিড়ম্বনায়। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়ির খালি কক্ষ পর্যটকদের থাকার জন্য ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
এই ব্যবস্থায় পর্যটকেরা স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ঘরোয়া পরিবেশে থাকার সুযোগ পাচ্ছেন। এতে হোটেলে কক্ষ না পেলেও তেঁতুলিয়ায় রাতযাপন করতে পারছেন তারা। পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাত্রা, গ্রামীণ সংস্কৃতি ও আন্তরিক আতিথেয়তার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগও পাচ্ছেন ভ্রমণকারীরা।
৩০টির বেশি বাড়িতে আবাসন ব্যবস্থা, ভাড়া ৮০০ থেকে ২ হাজার টাকা
তেঁতুলিয়ায় বর্তমানে কতটি বাড়িতে পর্যটকদের থাকার এই ব্যবস্থা চালু রয়েছে, তার পূর্ণাঙ্গ ও সরকারি তালিকা এখনো তৈরি হয়নি। তবে স্থানীয়দের তথ্যমতে, ইতিমধ্যে ৩০টির বেশি বাড়িতে এ ধরনের আবাসন সেবা গড়ে উঠেছে। পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন বাড়িতেও চালু হচ্ছে এই সেবা। প্রতিটি কক্ষে দুই থেকে চার-পাঁচজন পর্যন্ত থাকার ব্যবস্থা রয়েছে। কক্ষের মান ও সুযোগ-সুবিধা অনুযায়ী প্রতিদিন ভাড়া নেওয়া হচ্ছে ৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।
তেঁতুলিয়া বাজারের আশপাশেই বেশির ভাগ অবস্থান
গৃহভিত্তিক এই আবাসনগুলোর বেশির ভাগেরই অবস্থান তেঁতুলিয়া বাজার থেকে এক কিলোমিটারের মধ্যে। সাধারণত স্থানীয় ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা পর্যটকদের এসব বাড়িতে পৌঁছে দেন। খাবারের ব্যবস্থার ক্ষেত্রে অধিকাংশ বাড়িতে নিয়মিত খাবারের সুবিধা না থাকলেও পর্যটকেরা আগ্রহ প্রকাশ করলে বাড়ির মালিকেরা ঘরোয়া পরিবেশে খাবারের ব্যবস্থা করে দেন।
মানোন্নয়নে কাজ করছে উন্নয়ন সংস্থা
স্থানীয় বাড়ির মালিকদের এই উদ্যোগকে আরও টেকসই, আধুনিক ও পর্যটকবান্ধব করতে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও। সংস্থাটির উদ্যোগে এসব আবাসন ব্যবস্থার মানোন্নয়ন, পর্যটকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং উন্নত পরিবেশ গড়ে তোলার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পর্যটকদের সঙ্গে কথা হলে তারা জানান, স্থানীয়দের এই আবাসন ব্যবস্থাগুলোকে আরও মানসম্মত ও পর্যটকবান্ধব করে গড়ে তোলা গেলে ভ্রমণকারীরা সেখানে অবস্থান করে অধিক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। বিশেষ করে নতুন করে যারা এই সেবা চালু করেছেন, তাদের জন্য সুনির্দিষ্ট নির্দেশিকা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। এতে সেবার মান বাড়ার পাশাপাশি পর্যটকদের আস্থাও তৈরি হবে।
বাড়ির মালিকেরা জানান, পরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে এই সেবা গড়ে তোলা গেলে তেঁতুলিয়ার পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বাড়বে তাদের আয়। একই সঙ্গে তারা জানান, বেশির ভাগ উদ্যোক্তারই পর্যটন ব্যবস্থাপনা নিয়ে তেমন কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। তাদের প্রশিক্ষণের আওতায় আনা হলে পর্যটকদের আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন বলেন, আমরা ইতিমধ্যে গৃহভিত্তিক এই আবাসনগুলোর তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি। এগুলোকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। পর্যটকদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে উদ্যোক্তাদের নিয়ে একটি কর্মশালা আয়োজন করা হবে।
সংশ্লিষ্টদের মতে, স্থানীয়দের এই ব্যতিক্রমী উদ্যোগ যথাযথ পরিকল্পনা, প্রশিক্ষণ এবং সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে তেঁতুলিয়ার পর্যটনশিল্পে এক নতুন দিগন্তের সূচনা হবে।

রবিউল ইসলাম, পঞ্চগড় (তেঁতুলিয়া)