আমাজনের গভীর জঙ্গল থেকে লোকালয়ে ঘুরে এলেন ২০ আদিবাসী
ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের গভীর জঙ্গল থেকে স্বেচ্ছায় লোকচক্ষুর আড়ালে বসবাসকারী ‘আওয়া’ জনগোষ্ঠীর প্রায় ২০ জন আদিবাসী সদস্য হঠাৎ লোকালয়ে বেরিয়ে এসেছেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বেশ কয়েকটি মানবাধিকার ও আদিবাসী অধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও বন উজাড়ের কারণে তাদের আবাসস্থল চরম হুমকির মুখে পড়ায় এমন বিরল ঘটনা ঘটেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। খবর দ্য গার্ডিয়ানের।
আদিবাসী অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘সারভাইভাল ইন্টারন্যাশনাল’ জানায়, গত সোমবার (১৬ নভেম্বর) আওয়া জনগোষ্ঠীর ওই সদস্যরা উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও অঙ্গরাজ্যের আরারিবোইয়া আদিবাসী অধ্যুষিত এলাকার একটি গ্রামে প্রবেশ করেন। এরপর একটি সরকারি দলের সঙ্গে যোগাযোগ করেন। সংস্থাটি এই ঘটনাকে ‘ঐতিহাসিক সাক্ষাৎ’ হিসেবে অভিহিত করেছে। গ্রামটিতে মূলত ‘গুয়াজাজারা’ নৃগোষ্ঠীর মানুষের বসবাস।
স্থানীয় কমিউনিটি নেতারা জানান, গ্রামবাসীরা তাদের খাবার দিলে তারা মিষ্টি আলু (ইয়াম) চেয়ে নেন এবং তা নিয়ে পুনরায় জঙ্গলের ভেতরে ফিরে যান।
সারভাইভাল ইন্টারন্যাশনালের ব্যাখ্যা অনুযায়ী, আওয়া জনগোষ্ঠীর মানুষ সাধারণত শিকার এবং বনজ ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। তবে সাম্প্রতিক সময়ে অবৈধ কাঠুরে, শিকারি ও গবাদিপশু খামারিদের অনুপ্রবেশ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় তাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
গুয়াজাজারা গ্রামবাসীদের ধারণ করা এবং সারভাইভাল ইন্টারন্যাশনালের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জঙ্গলের কিনারায় নারী, পুরুষ ও শিশুদের দল দাঁড়িয়ে আছে। গাছপালার আড়ালে থাকা ওই আদিবাসীরা ছিলেন নগ্ন এবং তাদের গলায় মালা পরা ছিল; পুরুষদের হাতে ছিল ধনুক ও লম্বা তীর।
মারানহাও অঙ্গরাজ্যের আদিবাসী সংগঠন ‘কোয়াপিমা’ সতর্ক করে জানিয়েছে, ওই দলের কয়েকজন সদস্য, বিশেষ করে শিশু ও বয়স্কদের শারীরিক অবস্থা দেখে গ্রামবাসীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাদের শরীরে চরম অপুষ্টি ও শীর্ণতার স্পষ্ট ছাপ ছিল। সংগঠনটি আরও জানায়, বাইরের জগতের মানুষের সঙ্গে এমন অপরিকল্পিত সংস্পর্শ এই বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। কারণ সাধারণ রোগব্যাধির বিরুদ্ধে তাদের শরীরে কোনো রোগপ্রতিরোধ ক্ষমতা থাকে না।
ব্রাজিলের আদিবাসী বিষয়ক সরকারি সংস্থা ‘ফুনাই’ বার্তা সংস্থা এএফপিকে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে, তাদের কারিগরি দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ওই গোষ্ঠীর স্বাস্থ্যগত তথ্য বিশ্লেষণ করছে।
সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন এই জনগোষ্ঠীর লোকালয়ে বেরিয়ে আসার সিদ্ধান্তটি একটি ‘উদ্বেগজনক সংকেত’। এটি প্রমাণ করে, অরণ্যে অব্যাহত অনুপ্রবেশ কীভাবে স্বনির্ভর আদিবাসীদের প্রকৃত বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, চারপাশের ধ্বংসযজ্ঞের কারণে আওয়া জনগোষ্ঠী আমাজন রেইনফরেস্টের ক্রমশ ছোট হয়ে আসা একটি দ্বীপের মধ্যে কোণঠাসা হয়ে পড়ছে।
সংস্থাটির তথ্যমতে, বিশ্বের ১০টি দেশে বাইরের জগতের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন এমন প্রায় ১৯৬টি আদিবাসী গোষ্ঠী শনাক্ত করা হয়েছে। এর ৯০ শতাংশেরও বেশি আমাজন রেইনফরেস্টে, বিশেষ করে ব্রাজিলে বসবাস করে। এছাড়া ইন্দোনেশিয়া ও ভারতেও এমন জনগোষ্ঠীর অস্তিত্ব রয়েছে।
এদিকে, বছরের পর বছর ধরে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করে আসা গুয়াজাজারা জনগোষ্ঠীর স্বেচ্ছাসেবী দল ‘ফরেস্ট গার্ডিয়ানস’ এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ‘জলবায়ু পরিবর্তন, দাবানল, বন উজাড় এবং ভূমি দখলের কারণে আওয়া জনগোষ্ঠীর জীবনধারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

এনটিভি অনলাইন ডেস্ক