কিংবদন্তি আর ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের লালদিঘি
একদিকে ব্যস্ত নগরজীবনের কোলাহল, অন্যদিকে শান্ত জলরাশি আর খোলা আকাশ। চারপাশে গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন, হারিয়ে গেছে একের পর এক পুকুর ও জলাশয়। তবু সময়ের স্রোতে হারিয়ে যায়নি চট্টগ্রামের প্রাণকেন্দ্রে থাকা লালদিঘি। আড়াইশ বছরেরও বেশি সময় ধরে ইতিহাস, ঐতিহ্য আর নানা কিংবদন্তি বুকে নিয়ে টিকে আছে এই জলাশয়। শুধু একটি দিঘি নয়, এটি চট্টগ্রামের রাজনৈতিক আন্দোলন, সাংস্কৃতিক চর্চা ও নাগরিক জীবনের এক গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন।
নগরায়ণের বিস্তারে গত দুই দশকে চট্টগ্রামে বিলুপ্ত হয়েছে অসংখ্য পুকুর ও জলাশয়। সেসব জায়গায় গড়ে উঠেছে বহুতল ভবন ও বাণিজ্যিক স্থাপনা। কোথাও কোথাও পুরোনো জলাশয়ের নামে এলাকার পরিচিতি থাকলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। এমন বাস্তবতায় লালদিঘির টিকে থাকা যেন এক ব্যতিক্রমী ঘটনা।
সম্প্রতি চারপাশে প্রাচীর ও হাঁটার পথ নির্মাণ করে নতুন সাজে গড়ে তোলা হয়েছে লালদিঘি পার্ক। নগরবাসীর কাছে এটি এখন অবসর কাটানো, শরীরচর্চা কিংবা খোলা আকাশের নিচে কিছুটা সময় কাটানোর প্রিয় জায়গা। প্রতিদিন সকাল-বিকেল নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে দিঘির পাড়।
লালদিঘির নামকরণ
চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লার অদূরে প্রায় ২ দশমিক ৭০ একর জায়গাজুড়ে অবস্থিত লালদিঘি। এর উত্তর-পশ্চিমে রয়েছে বাণিজ্যিক কেন্দ্র আন্দরকিল্লা, পূর্ব পাশে চট্টগ্রাম কারাগার এবং দক্ষিণে জেলা পরিষদ ভবন ও ঐতিহাসিক লালদিঘি ময়দান।
ইতিহাসের পাতায় চোখ রাখলে জানা যায়, ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর ১৭৬১ সালে চট্টগ্রামের শাসনভার লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন জমিসংক্রান্ত তহসিল অফিস হিসেবে ব্যবহৃত ‘এন্তেকালী কাছারি’ ভবনটি লাল রঙে রাঙানো হয়েছিল। বর্তমানে সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দপ্তর। লাল রঙের কারণে ভবনটি স্থানীয় মানুষের কাছে ‘লালকুঠি’ নামে পরিচিতি পায়।
লালকুঠির পূর্ব দিকে ছিল কারাগার। সেটিও লাল রঙে রাঙানো হয়েছিল বলে পরিচিতি পায় ‘লালঘর’ নামে। প্রচলিত আছে, লাল পাগড়ি পরা ব্রিটিশ প্রহরীরা ভবন দুটি পাহারা দিতেন। তাঁদের পোশাকের কারণেও নামকরণ নিয়ে নানা ধারণা রয়েছে।
এই লালকুঠি ও লালঘরের পাশেই ছিল একটি ছোট পুকুর। স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে, বিকেলের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লে লালকুঠির ছায়া পড়ত পুকুরের পানিতে। তখন পানির রং হয়ে উঠত রক্তিম। সেই দৃশ্য থেকেই জলাশয়টির নাম হয় ‘লাল পুকুর’ বা ‘লালদিঘি’। পরবর্তী সময়ে ব্রিটিশ শাসকেরা পুকুরটি সম্প্রসারণ করে বড় দিঘিতে রূপ দেন।
লালদিঘিকে ঘিরে যত লোককথা
লালদিঘিকে ঘিরে রয়েছে নানা লোককথাও। এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি গল্পের কেন্দ্রে রয়েছে এক বাদশা, লাল বেগম এবং এক দিনমজুরের মেয়ে। প্রচলিত কিংবদন্তি অনুযায়ী, একদিন এক দিনমজুরের মেয়ে লালদিঘিতে গোসল করতে নেমে হঠাৎ পানির নিচে চলে যায়। তার পায়ে শিকল বেঁধে তাকে নিয়ে যাওয়া হয় রূপকথার এক বাদশার দরবারে। সেই বাদশার বিয়ে হওয়ার কথা ছিল লাল বেগমের সঙ্গে। কিন্তু লাল বেগম এক ক্রীতদাসের সঙ্গে পালিয়ে যাওয়ায় বাদশার দরবারে তার পরিবর্তে দিনমজুরের মেয়েটিকে হাজির করা হয়।
পরে মেয়েটির প্রকৃত পরিচয় প্রকাশ পেলে ক্ষুব্ধ বাদশা লাল বেগমকে খুঁজে বের করার নির্দেশ দেন। জানা যায়, লাল বেগম আন্দরকিল্লার দিঘি থেকে কিছু দূরে পর্তুগিজদের একটি কেল্লায় আশ্রয় নিয়েছেন। এরপর বাদশা সেই কেল্লায় আক্রমণ করেন। লোককথা অনুসারে, ভয়াবহ সেই যুদ্ধে এত রক্তপাত হয়েছিল যে দিঘির পানি লাল হয়ে যায়। যুদ্ধে বাদশা পরাজিত হলেও লাল বেগমের অপেক্ষায় তিনি নাকি দিঘির পাড়েই থেকে যান।
আরেকটি জনশ্রুতি রয়েছে, ইংরেজ শাসনামলে কোনো এক লাল মেমসাহেবের নির্দেশে অথবা তাঁর স্মরণে দিঘিটি খনন করা হয়েছিল। সেই থেকেই এর নাম হয় লালদিঘি। তবে এসব গল্পের ঐতিহাসিক সত্যতা নিশ্চিত নয়। বরং লোকমুখে ছড়িয়ে পড়া এসব কাহিনি দিঘিটির রহস্যময়তা আরও বাড়িয়ে দিয়েছে।
আন্দোলন আর ইতিহাসের সাক্ষী লালদিঘি
ইতিহাসের পাশাপাশি চট্টগ্রামের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের স্মৃতিও বহন করছে লালদিঘি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়ে এই এলাকায় অনুষ্ঠিত হয়েছে নানা গণসমাবেশ। পরবর্তী সময়ে যুক্ত হয়েছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিও।
লালদিঘির দক্ষিণ পাশে অবস্থিত ঐতিহাসিক লালদিঘি ময়দানও দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। ফলে এই এলাকায় এলে শুধু একটি জলাশয় দেখা হয় না, বরং চট্টগ্রামের ইতিহাসের নানা অধ্যায়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মেলে।
দিঘির উত্তর পাশে রয়েছে লালদিঘি শাহী জামে মসজিদ। মসজিদটির গম্বুজে ১৯৩৯ সাল এবং তকী ইসমাইল মুহাম্মদের নাম উৎকীর্ণ রয়েছে। রাউজানের চিকদাইর গ্রামের এই জমিদার একসময় লালদিঘির পাড়ে অবসর কাটাতেন। দিঘিটির অভিভাবক হিসেবেও পরিচিত ছিলেন তিনি। পরবর্তী সময়ে এর মালিকানা মুসলিম হাই স্কুলের কাছে হস্তান্তর করেন।
ঊনবিংশ শতকের শেষ দিকে উত্তর-দক্ষিণমুখী সড়ক নির্মাণের ফলে মিউনিসিপ্যাল ময়দান দুই ভাগে বিভক্ত হয়। পূর্ব অংশটি সাধারণ মানুষের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হতে থাকে। পরে মুসলিম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে মাঠটি বিদ্যালয়ের খেলার মাঠে পরিণত হয়। বর্তমানে এটি লালদিঘির মাঠ নামে পরিচিত।
ইতিহাসের স্মৃতি, প্রকৃতির প্রশান্তি
সময় বদলেছে, বদলে গেছে চট্টগ্রাম নগরীর চেহারা। একের পর এক জলাশয় হারিয়ে যাওয়ার বিপরীতে লালদিঘি আজও নিজের অস্তিত্ব ধরে রেখেছে। এর পানিতে প্রতিফলিত হয় আড়াইশ বছরের ইতিহাস, পাড়জুড়ে ছড়িয়ে আছে আন্দোলন-সংগ্রামের স্মৃতি, আর চারপাশে প্রতিদিন তৈরি হয় নগরবাসীর নতুন নতুন গল্প।
তাই চট্টগ্রাম ভ্রমণে গেলে লালদিঘি হতে পারে ইতিহাস ও নগরজীবনকে কাছ থেকে দেখার একটি বিশেষ গন্তব্য। ইতিহাসের নানা বাঁক পেরিয়ে লালদিঘি এখন চট্টগ্রাম নগরবাসীর অবসর যাপনের অন্যতম পরিচিত স্থান। সকালে শরীরচর্চা, বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা দিনের ব্যস্ততা শেষে কিছুক্ষণ নিরিবিলি বসে থাকার জন্যই এখানে আসেন মানুষ। এখানে এসে কেউ খুঁজে পাবেন অতীতের গল্প, কেউ পাবেন অবসরের প্রশান্তি, আবার কেউ হয়তো আবিষ্কার করবেন ব্যস্ত শহরের বুকেও প্রকৃতির জন্য একটু জায়গা বেঁচে থাকা কতটা জরুরি।

ফিচার ডেস্ক