পাকিস্তানের বিপক্ষে যে রেকর্ড শুধুই বাংলাদেশের
টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে এখনো ‘শিশু’র সঙ্গে তুলনা করা হয়। বাংলাদেশও সেভাবে নিজেদের প্রমাণ করতে পারেনি বিশ্ব দরবারে। তবে সময় বদলাতে শুরু করেছে। বাংলাদেশ নিজেদের নতুনভাবে মেলে ধরতে শুরু করেছে। এই তো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে অনন্য এক রেকর্ড গড়ল টাইগাররা। যে রেকর্ড কেবলই বাংলাদেশের।
আজ বুধবার (২০ মে) সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে বাংলাদেশ। ৪৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। এই সিরিজের প্রথম ম্যাচে ঢাকা টেস্টেও ১০৪ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতে পাকিস্তানকে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
এর আগে ২০২৪ সালেও পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল টাইগাররা। সেবার পাকিস্তানের মাটিতে গিয়ে দুই ম্যাচ সিরিজে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারিয়ে এসেছিল বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে পাকিস্তান দলকে তাদের নিজেদের মাটিতে সিরিজ ধবলধোলাই করতে পেরেছে মাত্র দুটি দল— ইংল্যান্ড ও বাংলাদেশ। অন্যদিকে, নিজেদের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার রেকর্ড আছে পাঁচটি দেশের— অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।
এখানেই অনন্য বাংলাদেশ। ঘরের মাঠে এবং প্রতিপক্ষের মাঠে— উভয় জায়গায় পাকিস্তানকে ধবলধোলাই করা একমাত্র দেশ বাংলাদেশ। এর আগে কোনো দেশই পাকিস্তানকে উভয় কন্ডিশনে হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারেনি। ফলে এই রেকর্ড বিশ্ব ক্রিকেটে টাইগারদের প্রথম করে রাখবে।
দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে যে রূপকথার শুরু হয়েছিল, আজ সিলেটে এসে তার সফল সমাপ্তি ঘটল।

স্পোর্টস ডেস্ক