দ্বিতীয় টেস্টের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল টাইগারদের জন্য। এর আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে কুঁচকির চোটে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
টেস্টে মুশফিকুর রহিমের খেলা হচ্ছে না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার (২১ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বিসিবি। চোটের কারণে আজকের অনুশীলন সেশনেও মাঠে নামেননি মুশফিক।
মুশফিকের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘প্রথম টেস্ট চলাকালীন মুশফিক বাম কুঁচকিতে তীব্র ব্যথার কথা জানিয়েছিলেন। টেস্ট ম্যাচের পর তার এমআরআই স্ক্যান করানো হয় এবং রিপোর্টে পেলভিসের হাড়ের চারপাশে কিছুটা প্রদাহ ও জ্বালাপোড়া ধরা পড়েছে।’
চোটের গুরুত্ব তুলে ধরে এই ফিজিও আরও বলেন, ‘এই ধকল কাটিয়ে উঠতে এবং চোট যেন আর না বাড়ে তা নিশ্চিত করতে তার তাৎক্ষণিক বিশ্রাম ও সুনির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন। ফলে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে না।’
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা ছন্দে ছিলেন না মুশফিক। সর্বশেষ চার ইনিংসে কোনো ফিফটি পাননি তিনি। শেষ ছয় ইনিংসে একটি ফিফটির বিপরীতে দুইবার শূন্য রানে আউট হয়েছেন। এমন অফফর্মের মধ্যেই এবার নতুন চোটে পড়ায় দলে ফেরাটা তার জন্য আরও কঠিন হয়ে দাঁড়াল।

স্পোর্টস ডেস্ক