‘কাকে কার সঙ্গে তুলনা করছেন, এটা মাথায় রাখতে হবে’
টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে রান খরায় ভুগছেন অভিজ্ঞ দুই ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক। শেষ ১১ ইনিংসে কোনো ফিফটি পাননি মুমিনুল, আর মুশফিকের শেষ ১২ ইনিংসে এসেছে মাত্র একটি ফিফটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টের দুই ইনিংসেই দুজন হতাশ করেছেন।
এর আগেও প্রোটিয়াদের কন্ডিশনে খুব একটা সুবিধা করতে পারেননি এই দুজন। ফলে একাদশে তাদের জায়গা নিয়ে নানা কথা উঠতে শুরু করেছে। তবে মুশফিককে নিয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। বরং তার মতে, এই অভিজ্ঞ ব্যাটারের কাছ থেকে দলের আরও অনেক কিছু পাওয়ার বাকি আছে। মুমিনুলের ওপরও আস্থা রাখছেন শান্ত।
মুশফিকের সাম্প্রতিক ফর্ম নিয়ে এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমার মনে হয়, এই চক্রে মুশফিক ভাই অনেক ভালো ক্রিকেট খেলছেন। আপনি যেটা বললেন, প্রায় ৪৪ গড়ে ব্যাটিং করছেন। শুধু ব্যাটিং নয়, ব্যাটিংয়ের পাশাপাশি ড্রেসিংরুমে কিংবা মাঠের মধ্যে তার অভিজ্ঞতাও অনেক কাজে লাগে। তাই মুশফিক ভাইকে নিয়ে আমার মধ্যে একদমই কোনো সংশয় নেই। আমি জানি, পরের ম্যাচে তিনি আরও ভালোভাবে ফিরে আসবেন।’
মুমিনুলকে নিয়েও একই রকম আশাবাদী অধিনায়ক। শান্ত বলেন, ‘মুমিনুল ভাই...হ্যাঁ, অবশ্যই দেশের বাইরে স্ট্রাগল করছেন। কিন্তু আমাদের দলে তার অভিজ্ঞতা অবশ্যই কাজে দেবে। তিনি মানসিকভাবেও খুব শক্ত। আমার বিশ্বাস, এত দিন যেটা হয়নি, পরের ম্যাচে ইনশাআল্লাহ তিনি ভালো কিছু করবেন।’
মুশফিকের জায়গায় জাকের আলী অনিককে একাদশে নেওয়ার গুঞ্জন নিয়েও কথা বলেন শান্ত। জাকেরের সামর্থ্যের প্রশংসা করলেও দুজনের অভিজ্ঞতার ফারাকের কথা মনে করিয়ে দেন তিনি।
শান্ত বলেন, ‘জাকের আলী টেস্ট ক্রিকেটে যে কয়টি ম্যাচ খেলেছে, খুব ভালো ক্রিকেট খেলেছে। কিন্তু একটা বিষয় আপনাদেরও মাথায় রাখতে হবে—আপনি কাকে কার সঙ্গে তুলনা করছেন। আমি আশা করি, জাকের আলী যখন ১০০ টেস্ট খেলবে, ইনশাআল্লাহ সে আরও ভালো করবে।’
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এখন পর্যন্ত আমার মনে হয়, মুশফিক ভাই বাংলাদেশের ক্রিকেটের জন্য যতটুকু করেছেন, এখনো যেভাবে করছেন, তার আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে। তিনি প্রতিদিন যেভাবে পরিশ্রম করেন, দলের জন্য খেলেন, বিশেষ করে কঠিন সময়ে রান করেন; আপনি যখনই দেখবেন, দল বিপদে থাকলে তিনি বড় রান করেন কিংবা দলের জন্য ভালো স্কোর গড়ে দেন।’
নিজের আস্থার কথা জানিয়ে শান্ত বলেন, ‘ব্যক্তিগতভাবে তাকে নিয়ে আমার কোনো সংশয় নেই। আমি বিশ্বাস করি তিনি যত দিন খেলবেন, দলের উপকারই হবে। আর যখন জাকের আলীর সুযোগ আসবে, সেও এভাবেই ধারাবাহিকতা ধরে রাখবে।’

স্পোর্টস ডেস্ক