নতুন লড়াইয়ে মেসিকে পেছনে ফেললেন রোনালদো
ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। দুজনকে বলা হয় চিরপ্রতিদ্বন্দ্বি। কখনো মেসিকে ফেলেন রোনালদো, আবার কখনো রোনালদোকে মেসি। দুজনের রেকর্ড নিয়ে ফুটবল বিশ্বেও চলে তর্ক-বিতর্ক। এবার মাঠের বাইরের একটি লড়াইয়ে মেসিকে পেছনে ফেললেন রোনালদো।
ফুটবল বিশ্বে বিশেষ ভাবে পরিচিত মেসির ১০ নম্বর জার্সি আর রোনালদোর ৭ নম্বর জার্সি। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জার্সি নম্বরভিত্তিক এক বিশেষ তালিকা প্রকাশ করেছে। যেখানে ৭ নম্বর জার্সির সেরা খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন রোনালদো। তবে ১ থেকে ৫০ নম্বরের এই তালিকায় কোনো জায়গাই হয়নি মেসির।
দ্য গার্ডিয়ান ১ থেকে ৫০ পর্যন্ত প্রতিটি জার্সি নম্বরের জন্য একজন করে পুরুষ ফুটবলারকে বেছে নিয়েছে। এটি কোনো সর্বকালের সেরা ফুটবলারের র্যাঙ্কিং নয়। বরং কোন ফুটবলার কতদিন ওই জার্সি নম্বর পরেছেন, সেটি গায়ে চাপিয়ে কী কী সাফল্য পেয়েছেন, কেন নম্বরটি বেছে নিয়েছিলেন এবং নম্বরটি তার পরিচয়ের সঙ্গে কতটা জড়িয়ে গেছে—এসব দিক খতিয়ে দেখে এই তালিকা তৈরি করা হয়েছে।
৭ নম্বর জার্সির জন্য ব্রাজিলের কিংবদন্তি গারিঞ্চার নামও আলোচনায় ছিল। ১৯৬২ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের সময় এই নম্বরটি পরেছিলেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য রোনালদোকেই বেছে নিয়েছে ‘দ্য গার্ডিয়ান’।
এর পেছনে বড় কারণ হিসেবে ধরা হয়েছে রোনালদোর ‘সিআর৭’ ব্র্যান্ডকে। পারফিউম, জুতা, হোটেল থেকে শুরু করে ফিটনেস অ্যাপ—সব জায়গায় ছড়িয়ে আছে এই ব্র্যান্ড। ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনই রোনালদোকে ৭ নম্বর জার্সি পরতে উৎসাহিত করেছিলেন। রোনালদোকে এই নম্বরের সবচেয়ে পরিচিত মুখ হিসেবেই তুলে ধরেছে সংবাদমাধ্যমটি।
১০ নম্বর জার্সির বড় দাবিদার ছিলেন মেসি। এ ছাড়া এই নম্বরের আলোচনায় ছিলেন পেলে ও ফেরেঙ্ক পুসকাসের মতো কিংবদন্তিরাও। কিন্তু তাদের সবাইকে পেছনে ফেলে আর্জেন্টিনার আরেক প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে বেছে নিয়েছে দ্য গার্ডিয়ান। তাদের মতে, ১০ নম্বর জার্সি ম্যারাডোনার নিজের পরিচয়ের অংশ হয়ে গিয়েছিল।
পুরনো দিনের কিংবদন্তিদের পাশাপাশি এই তালিকায় বর্তমান সময়ের তারকারাও জায়গা পেয়েছেন। দেশের হিসাবে ইউরোপের ফুটবলারদের দাপটই বেশি। সবচেয়ে বেশি ৯ জন ফুটবলার নিয়ে সবার ওপরে রয়েছে ইতালি। এরপর ইংল্যান্ডের ৭ জন এবং ব্রাজিলের ৫ জন ফুটবলার তালিকায় আছেন।
এমন তালিকা নিয়ে ভক্ত-সমর্থকদের মাঝে ভিন্নমত থাকাটাই স্বাভাবিক। দ্য গার্ডিয়ানও জানিয়েছে, এটি অনেকটাই নিজস্ব দৃষ্টিভঙ্গি ও মতামতের ভিত্তিতে তৈরি। তবে জার্সি নম্বরের সঙ্গে খেলোয়াড়দের অর্জন ও পরিচিতির যোগসূত্রটাই এখানে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মেসি ও রোনালদো এখন আর জাতীয় দলের হয়ে না খেললেও ক্লাব ফুটবলে দুজনই এখনো মাঠে আছেন।

স্পোর্টস ডেস্ক