জরিমানা গুনতে হচ্ছে তাওহিদ হৃদয়কে
১৩৭ রানের মহাকাব্যিক ইনিংসের পরই বিতর্কের ঝড়! মাঠে দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশকে বিপর্যয় থেকে টেনে তুললেও দিনের শেষ মুহূর্তে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। আম্পায়ারদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের জেরে এবার আইসিসির শাস্তির মুখে পড়লেন তাওহীদ হৃদয়।
আজ শুক্রবার (২০ নভেম্বর ) জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। শাস্তি হিসেবে তার ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য প্রযোজ্য আইসিসি আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন হৃদয়। এই ধারাটি মূলত আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত।
গত ২৪ মাসের মধ্যে এটিই হৃদয়ের প্রথম অপরাধ। ফলে তার শৃঙ্খলাজনিত রেকর্ডে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।
ঘটনার সূত্রপাত টেস্টের প্রথম দিন। আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর দিনের একেবারে শেষ সময়ে উইকেট হারান হৃদয়। অথচ এর আগে চরম বিপর্যয়ে পড়া বাংলাদেশকে দারুণ এক ইনিংসে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন তিনি। খেলেছিলেন ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস।
কিন্তু আউট হওয়ার পর হতাশা আর ক্ষোভ যেন সামলাতে পারেননি এই ব্যাটার। দিনের খেলা শেষ হওয়ার মুহূর্তে মাঠের আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স হোয়ার্ফের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। এ সময় আম্পায়ারদের সঙ্গে আক্রমণাত্মক ও অশোভন ভঙ্গিতে কথা বলেন হৃদয়।
বিষয়টি আমলে নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স হোয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমা।
তবে বিষয়টি নিয়ে আর দীর্ঘ শুনানির প্রয়োজন হয়নি। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়ে নিজের দোষ স্বীকার করে নেন হৃদয়।
আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। আর সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট।
নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। তবে হৃদয়ের ক্ষেত্রে এটি প্রথম অপরাধ হওয়ায় আপাতত নিষেধাজ্ঞার কোনো শঙ্কা নেই।
১৩৭ রানের বীরোচিত ইনিংস, দিনের শেষে বিতর্ক এবং শেষ পর্যন্ত আইসিসির শাস্তি—জোহানেসবার্গ টেস্টে হৃদয়ের দিনটি তাই শুধু ব্যাটিংয়ের জন্যই নয়, আলোচনায় থাকবে মাঠের উত্তপ্ত ঘটনার কারণেও।

স্পোর্টস ডেস্ক