পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে বড় রদবদল, বাতিল পুরোনো গ্রেডিং পদ্ধতি
পাকিস্তান ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তির নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রচলিত গ্রেডিং পদ্ধতি বাদ দিয়ে এবার ফরম্যাটভিত্তিক পাঁচটি পৃথক ট্র্যাকে ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। নতুন এই কাঠামোয় জায়গা পেয়েছেন ৩৮ জন ক্রিকেটার। তবে চমক রয়েছে তারকাদের অবস্থানে। বাবর আজম ও সালমান আলী আগা জায়গা করে নিয়েছেন সর্বোচ্চ স্তরে, অন্যদিকে শাহিন শাহ আফ্রিদিসহ বেশ কয়েকজন তারকাকে রাখা হয়েছে ভিন্ন ট্র্যাকে।
আজ শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকা কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি। এতদিন ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্যায়ন করা হলেও এবার সেই পুরোনো ব্যবস্থা বাতিল করা হয়েছে। পরিবর্তে খেলোয়াড়দের পারফরম্যান্স ও ফরম্যাট বিবেচনায় পাঁচটি পৃথক ট্র্যাকের নতুন কাঠামো চালু করেছে বোর্ড।
সংবাদমাধ্যম জিও সুপারের তথ্য অনুযায়ী, নতুন কাঠামোর সর্বোচ্চ স্তর ‘ট্র্যাক-এ বি’তে জায়গা পেয়েছেন মাত্র দুজন। তারা হলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম এবং অভিজ্ঞ সালমান আলী আগা। দুজনই টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন।
অন্যদিকে ‘ট্র্যাক-বি সি’তে, অর্থাৎ ওয়ানডে ও টি-টোয়েন্টি চুক্তিতে জায়গা পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ ও হারিস রউফ।
শুধু টেস্ট ফরম্যাটের জন্য ‘ট্র্যাক-এ’তে রাখা হয়েছে আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিলকে।
এদিকে কেবল টি-টোয়েন্টি ফরম্যাটের চুক্তিতে ‘ট্র্যাক-সি’তে জায়গা পেয়েছেন হাসান নেওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারেক।
মূল চুক্তির বাইরে ভবিষ্যতের ক্রিকেটার গড়ে তোলার পরিকল্পনাও রেখেছে পিসিবি। এ লক্ষ্যে ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ১৯ জন উদীয়মান ক্রিকেটারকে। এই তালিকায় রয়েছেন সুফিয়ান মুকিম, মুহাম্মদ গাজি ঘোরি, রাজাউল্লাহ, আব্দুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তৈয়ব আরিফ, মুহাম্মদ ইমরান রনধাওয়া, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসেন ও উকিব।

স্পোর্টস ডেস্ক