দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর যে আক্ষেপ শান্তর
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল টাইগাররা। কিন্তু এরপরও ম্যাচ শেষে বড় হার দেখতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। মাঝে তো ইনিংস ব্যবধানে হারের শঙ্কায়ও পড়েছিল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে আফসোস ঝড়েছে একটি বিষয় নিয়ে। দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের খুব অভাব বোধ করছেন তিনি। নির্বাচকদের বারবার অনুরোধ করার পরও তেমন কাউকে না পাওয়ায় নিজের আক্ষেপের কথা লুকাননি শান্ত।
ম্যাচ হারের পর পেস বোলিং অলরাউন্ডার প্রসঙ্গে শান্ত বলেন, ‘পেস বোলিং অলরাউন্ডারের অভাব সব সময়ই অনুভব করি। এই জায়গায় আমরা সংগ্রামও করছি। গত কয়েক বছর ধরে যারা নির্বাচক প্যানেলে ছিলেন কিংবা এখনো আছেন, তাদের একটি বার্তা দেওয়া আছে, আমাদের একজন অলরাউন্ডার দেন। অন্তত একজন হলেও দেন। কিন্তু আমরা পাচ্ছি না। আশা করি, যারা কোচ হিসেবে কাজ করছেন, তারা এই ঘাটতি পূরণ করার মতো একজন-দুজন ক্রিকেটার তৈরি করে দেবেন।’
ম্যাচের হার নিয়ে কোনো বাহানা দিতে চাননি বাংলাদেশ অধিনায়ক। মাঠের ভুলগুলোকেই বড় হারের কারণ হিসেবে দেখছেন তিনি। শান্ত বলেন, ‘আমি আবহাওয়ার অজুহাত দিতে চাই না। শুরুতেই নো বলের কারণে উইকেট নেওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে। রিকেল্টনের ক্যাচ মিস হয়েছে। এই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্রটা ভিন্ন হতে পারত। আপনি বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলছেন। এত ভুল করে জয়ের আশা করা কঠিন। ভুল যত কম হবে, জয়ের সম্ভাবনা তত বাড়বে।’
শুরুতে ভালো করেও শেষ পর্যন্ত ধরে রাখতে না পারার হতাশা ঝরেছে তার কণ্ঠে। শান্ত বলেন, ‘আমাদের শুরুটা ভালো ছিল। বিশেষ করে প্রথমে ব্যাটিং করে ৪০০ রান করেছিলাম। তবে বিশ্বের সেরা দলের বিপক্ষে আপনি এত ভুল করতে পারেন না। এত নো বল, এত ক্যাচ মিস, এসব কারণেই আমরা ম্যাচটি হেরেছি।’

স্পোর্টস ডেস্ক