মেয়ে ও মাকে নিয়ে প্রিয়াঙ্কার অস্ট্রেলিয়া জু ভ্রমণ
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বিখ্যাত ‘অস্ট্রেলিয়া জু’তে মা ও মেয়েকে নিয়ে দারুণ একটি দিন কাটিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুটিংয়ের ব্যস্ত সূচির মাঝে পাওয়া এই পারিবারিক অবসরের নানা মুহূর্ত আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেইসবুক ও ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
প্রকাশিত ছবিগুলোতে প্রিয়াঙ্কা ও তার ছোট্ট মেয়ে মালতী মেরিকে বন্যপ্রাণীদের বেশ কাছাকাছি দেখা গেছে। চিড়িয়াখানার কর্মীদের তত্ত্বাবধানে তারা কোয়ালা কোলে নিয়েছেন, জিরাফ ও ক্যাঙ্গারুকে নিজ হাতে খাবার খাইয়েছেন। পাশাপাশি গণ্ডার ও রিং টেইলড লেমুরের সাথেও সময় কাটিয়েছেন মা-মেয়ে। তবে মালতীর কোলে একটি ছোট শিনগেলব্যাক লিজার্ড বসে থাকার ছবিটি নেটিজেনদের মাঝে বিশেষভাবে সাড়া ফেলেছে।
প্রয়াত বন্যপ্রাণী সংরক্ষক স্টিভ আরউইনের গড়া এই চিড়িয়াখানায় গিয়ে আরউইন পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেছেন প্রিয়াঙ্কা। টেরি আরউইন, বিন্দি আরউইন এবং চ্যান্ডলার পাওয়েলের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি স্টিভ আরউইনের বন্যপ্রাণী সংরক্ষণ ভাবনার প্রতি শ্রদ্ধা জানান তিনি। একইসঙ্গে প্রাণী কল্যাণে সবাইকে এগিয়ে এসে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন এই তারকা।
এই বিশেষ ভ্রমণের আয়োজন গুছিয়ে দেওয়ার জন্য হলিউড তারকা রাসেল ক্রোকে আলাদাভাবে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা।
মূলত অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আসন্ন সায়েন্স-ফিকশন অ্যাকশন থ্রিলার ‘ব্লুফ্লাই’ এর শুটিং করছেন তিনি, যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রাসেল ক্রো। কাজের ফাঁকে পাওয়া সেই অবসরকেই পরিবার নিয়ে স্মরণীয় করে তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

বিনোদন ডেস্ক