শাহরিয়ার নাজিম জয়ের পোস্ট
শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি, হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান
মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সহকর্মীদের সঙ্গে স্বাভাবিকভাবে গল্প করছিলেন অভিনেতা সোহেল খান। বগুড়ায় সিনেমার শুটিংয়ে অংশ নিতে হোটেলে ছিলেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুতও হয়েছিলেন। পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। নিচে অপেক্ষা করছিল গাড়ি। কিন্তু হোটেলকক্ষ থেকে বের হওয়ার মুহূর্তেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এই অভিনেতা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সোহেল খানের মৃত্যুর আগমুহূর্তের এমন মর্মান্তিক ঘটনা তুলে ধরেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে সহকর্মীর সঙ্গে কাটানো শেষ সময়ের স্মৃতিচারণা করেন তিনি।
ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য তৈরি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯ টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল।’
পোস্টের শেষাংশে শোক প্রকাশ করে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’
জয় তাঁর পোস্টে আরও জানান, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সোহেল খান ও মুকিত জাকারিয়া তাঁর চোখের সামনেই ছিলেন। তাঁরা গল্প করছিলেন। স্বাভাবিক সেই মুহূর্তের পর এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না সহকর্মীরা।
এদিকে সোহেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে অভিনয়শিল্পী অঙ্গনের একাধিক সূত্র। মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে। সহকর্মীদের কাছে তাঁর এভাবে চলে যাওয়া যেন এক অবিশ্বাস্য ঘটনা।

বিনোদন ডেস্ক