যাকে ভালোবেসেছিলাম তাকে বিয়ে করতে পারিনি : সোহেল খান
ভালোবাসা আর বাস্তবতার ফারাক নিয়ে অনেক আগেই খোলামেলা কথা বলেছিলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান। কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনের প্রেম, সেই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত এবং পরবর্তীতে অস্ট্রেলিয়ায় সাবেক প্রেমিকার সঙ্গে হঠাৎ দেখা হওয়ার স্মৃতি তুলে ধরেছিলেন তিনি। ২০২২ সালের ৭ জুলাই এনটিভি অনলাইনে প্রকাশিত একটি সাক্ষাৎকারে নিজের জীবনের এই অধ্যায় নিয়ে কথা বলেছিলেন এই শিল্পী। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) মঙ্গলবার সকালে শুটিংয়ের কাজে বগুড়ায় থাকা অবস্থায় তাঁর মৃত্যুর খবরে পুরোনো সেই সাক্ষাৎকারের বক্তব্য নতুন করে সামনে এসেছে।
নিজের প্রেম ও জীবনের বাস্তবতা নিয়ে সেই সাক্ষাৎকারে সোহেল খান বলেছিলেন, ভালোবাসা সবার ভেতরেই থাকে, তবে প্রতিটি ভালোবাসার ধরন আলাদা। কারও প্রতি ভালো লাগা তৈরি হলেই যে সেই সম্পর্ক পরিণতি পাবে বা একসঙ্গে থাকা যাবে, এমন নয়। মানুষের জীবনে নিজস্ব পরিচয় বা আইডেন্টিটি তৈরি হওয়া জরুরি বলে মনে করতেন তিনি।
কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ের একটি ঘটনার কথা স্মরণ করে সোহেল খান জানিয়েছিলেন, তখন তাঁর প্রেমিকা তাঁকে বিয়ের কথা জিজ্ঞাসা করেছিলেন। সে সময় নিজের অবস্থান ও বাস্তবতার জায়গা থেকে তাঁকে চলে যেতে বলেছিলেন এই অভিনেতা। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ায় গিয়ে সাবেক সেই প্রেমিকার সঙ্গে দেখা হয়েছিল তাঁর। তখন কুশল বিনিময়ের সময় প্রেমিকা জানিয়েছিলেন যে তিনি ভালো নেই। জবাবে সোহেল খান বলেছিলেন, তাঁদের বিয়ে হলে তিনি হয়তো তাঁকে যথেষ্ট সময় দিতে পারতেন না; কারণ স্ত্রী ও সন্তানদের রেখেই তাঁকে আজ অস্ট্রেলিয়ায় আসতে হয়েছে।
অতীতের সেই সম্পর্ক নিয়ে কোনো আক্ষেপ ছিল না সোহেল খানের। তাঁর ভাষায়, না পাওয়ার কোনো বেদনা তাঁর মধ্যে নেই, যা চলে গেছে, তা চলেই গেছে।
উল্লেখ্য, জনপ্রিয় টেলিভিশন নাটক ও চলচ্চিত্র অভিনেতা সোহেল খান আজ সকালে বগুড়ায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। সকালে শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় হোটেল কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর এবং মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা জানানো হয়।
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পর্দায় ব্যাপক পরিচিতি পান সোহেল খান। এরপর ‘৪২০’ ধারাবাহিক নাটকসহ অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন। বড় পর্দায় তিনি ‘দারুচিনি দ্বীপ’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘কমন জেন্ডার’, ‘দেশা: দ্য লিডার’, ‘বীর’, ‘শান’ এবং সর্বশেষ ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন। তাঁর গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ের রাজাপুরে।

বিনোদন ডেস্ক