সোহেল খানের মৃত্যুতে আবেগঘন পোস্ট ফারুকীর
মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণে জনপ্রিয় ধারাবাহিক ‘৪২০’-এর মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা সোহেল খান। স্বতন্ত্র অভিনয়শৈলী দিয়ে অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সেই সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকাহত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে সোহেল খানকে স্মরণ করেন ফারুকী লিখেছেন, ‘জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন।’
মৃত্যুর আগের দিন হঠাৎ সোহেলের সেই ছবি চোখে পড়ার বিষয়টি ভাবাচ্ছে এই নির্মাতাকে। বিষয়টি নিয়ে নিজের মনের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন,‘কালকে হঠাৎ আমার চোখের সামনে ঐ কার্ডটা পড়লো কেনো? সোহেল খান কি কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, “আমি আছি”?’
‘৪২০’ ধারাবাহিকের মাধ্যমে সোহেল খানকে দর্শকের কাছে পৌঁছে দিয়েছিলেন ফারুকী। সেই কাজের সূত্রেই তাঁদের মধ্যে তৈরি হয়েছিল পরিচিতি ও স্মৃতি।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে মারা যান অভিনেতা সোহেল খান। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা।

বিনোদন ডেস্ক