কখনও ঘুমের ওষুধ খাই না, আমি খুবই সুখী মানুষ : অভিনেতা সোহেল খান
পর্দায় কখনো হাস্যরসাত্মক, আবার কখনো নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান। বাস্তব জীবনে পারিবারিক সান্নিধ্য আর মানসিক প্রশান্তিতে থাকায় তার কখনো ঘুমের ওষুধের প্রয়োজন হয়নি বলে জানিয়েছিলেন তিনি।
আজ মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য বগুড়ায় অবস্থানরত অবস্থায় এই গুণী অভিনেতার প্রয়াণের খবরে তাঁর সেই পুরোনো বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। ২০২২ সালের ৭ জুলাই এনটিভি অনলাইনে প্রকাশিত একটি সাক্ষাৎকারে নিজের জীবনযাপন, মানসিক স্বস্তি ও পর্দার চরিত্র নিয়ে এসব কথা বলেছিলেন সোহেল খান।
ব্যক্তিজীবনে নিজেকে অত্যন্ত সুখী মানুষ হিসেবে দাবি করেছিলেন সোহেল খান। নিজের জীবনযাপন ও অনুভূতির কথা জানাতে গিয়ে এই অভিনেতা বলেছিলেন, কখনো ঘুমের ওষুধ খাই না এবং আমি খুবই সুখী মানুষ। স্ত্রী ও এক ছেলে-এক মেয়েকে নিয়ে তাঁর সংসার সাজানো। সব মিলিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছিলেন।
তবে পর্দার চরিত্র নিয়ে কিছুটা ভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন সোহেল খান। তাঁর মতে, অনেক সময় চরিত্রের প্রয়োজনে তাঁকে নেতিবাচক বা দুষ্ট চরিত্রে অভিনয় করতে হয়। নির্মাতাদের পছন্দের কারণেই মূলত এমন চরিত্রে বেশি দেখা যায় তাঁকে, যদিও বাস্তব জীবনে তিনি সম্পূর্ণ ভিন্ন স্বভাবের মানুষ। হাস্যরসাত্মক ও খল উভয় ধরনের চরিত্রেই সাবলীল অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে এসেছেন তিনি। বাস্তব জীবনের স্বস্তি আর পর্দার বৈচিত্র্যময় চরিত্রের সমন্বয়েই নিজের অভিনয়যাত্রাকে দেখতেন এই শিল্পী।
উল্লেখ্য, জনপ্রিয় টেলিভিশন নাটক ও চলচ্চিত্র অভিনেতা সোহেল খান আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে ১৯ নভেম্বর থেকে তিনি বগুড়ায় অবস্থান করছিলেন। সকালে শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় হোটেল কক্ষে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর এবং মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা জানানো হয়।
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে তিনি পর্দায় ব্যাপক পরিচিতি পান এবং পরবর্তীতে ‘৪২০’ ধারাবাহিক নাটকসহ অসংখ্য নাটকে অভিনয় করেন। বড় পর্দায় তিনি ‘দারুচিনি দ্বীপ’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘কমন জেন্ডার’, ‘দেশা: দ্য লিডার’, ‘বীর’, ‘শান’ এবং সর্বশেষ ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন। তাঁর গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ের রাজাপুরে।

বিনোদন ডেস্ক