বিচে সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণে নিহত ১
অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলীয় শহর পার্থের জনপ্রিয় সৈকতে সাঁতার কাটার সময় হাঙরের ভয়াবহ আক্রমণে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে পার্থের সরেন্টো বিচে দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনার পরপরই পুলিশ, কোস্টগার্ড ও অগ্নিনির্বাপক দল হেলিকপ্টার ও নৌকার সাহায্যে উপকূল জুড়ে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে। তবে নিহতের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। খবর বিবিসির।
প্রত্যক্ষদর্শীরা জানান, তীর থেকে মাত্র ৫০ মিটার দূরে এক ব্যক্তিকে হাঙরটি আক্রমণ করে এবং পানির নিচে টেনে নিয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএটুডেকে এক নার্স জানান, হাঙরটি লোকটিকে ধরে মাছের মতো আছাড় মারছিল। পেশায় নার্স হওয়ায় অনেক বীভৎস দৃশ্য দেখেছি, কিন্তু নিজের চোখের সামনে কাউকে এভাবে হাঙরের মুখে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখা অত্যন্ত মর্মান্তিক।
আরেক প্রত্যক্ষদর্শী জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে জানান, পানিতে কেবল রক্তের স্রোত ভেসে উঠতে দেখেছেন তিনি। ওই সময় দুজন সাঁতার কাটছিলেন যার মধ্যে কেবল একজন তীরে ফিরতে সক্ষম হন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা প্রায় ২ দশমিক ৫ মিটার দীর্ঘ একটি হাঙর দেখতে পাওয়ার কথা জানান। বর্তমানে সরেন্টো বিচটি জনসাধারণের জন্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রশাসন। নিরাপত্তার স্বার্থে সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় গত এক বছরে হাঙরের আক্রমণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে সিডনিতে ১২ বছরের এক কিশোরও একইভাবে হাঙরের আক্রমণে প্রাণ হারিয়েছিল।

এনটিভি অনলাইন ডেস্ক