ক্লাসরুমে সবচেয়ে দুষ্টু অস্ট্রেলিয়ার শিক্ষার্থীরা!
আন্তর্জাতিক শিক্ষার্থী মূল্যায়ন সূচক বা প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট (পিসা)-র সাম্প্রতিক জরিপ ফলাফলের ভিত্তিতে অস্ট্রেলিয়ার শিক্ষার্থীরা বিশ্বের অন্যতম 'নটি' বা দুষ্টু শিক্ষার্থী হিসেবে চিহ্নিত হয়েছে। অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম নাইন নিউজ মেলবোর্ন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে।
পিসা-র পর্যালোচনায় প্রকাশিত তথ্যে দেখা যায়, শ্রেণিকক্ষে মনোযোগ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে ভীষণ সংকটে ভুগছে অস্ট্রেলিয়ার শিক্ষার্থীরা। জরিপে অংশগ্রহণকারী প্রতি তিনজনের মধ্যে একজন শিক্ষার্থী স্বীকার করেছে যে, তাদের সহপাঠীরা শ্রেণিকক্ষে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনে না। এ ছাড়া প্রতি পাঁচজনের একজন শিক্ষার্থী জানিয়েছে, ক্লাসে মনোযোগ ধরে রেখে সঠিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে মারাত্মক বেগ পেতে হচ্ছে তাদের।
শ্রেণিকক্ষের এই বিশৃঙ্খলা ও আশঙ্কাজনক বাজে ফলাফলের মূল কারণ হিসেবে ক্লাসে ডিজিটাল ডিভাইসের (যেমন—স্মার্টফোন ও ট্যাব) অবাধ ব্যবহারকে দায়ী করা হয়েছে। বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন, ক্লাসরুমে প্রযুক্তিগত ডিভাইসের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বিঘ্নিত করছে এবং এতে সার্বিক ফলাফলের অবনতি ঘটছে। তবে গবেষকদের মতে, শ্রেণিকক্ষে স্মার্টফোন ও ডিভাইসের ব্যবহারে সুনির্দিষ্ট কড়াকড়ি কিংবা ডিজিটাল ডিভাইসমুক্ত পরিবেশ নিশ্চিত করাই এই সংকটের একটি কার্যকর সমাধান হতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক