আরব আমিরাতে ইরানি এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার জের ধরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব ধরনের কার্যক্রম ও ফ্লাইট স্থগিত করেছে ইরানি এয়ারলাইন্স। বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলে মার্কিন নিষেধাজ্ঞার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর আল জাজিরার।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ -এর তথ্য অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাত থেকেই দুই দেশের মধ্যে চলাচলকারী সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক ঘোষণায় জানান, ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইন্সের যাবতীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। মার্কিন এই পদক্ষেপের অংশ হিসেবেই বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ইরানি ফ্লাইট চলাচলে কড়াকড়ি ও স্থগিতাদেশ আরোপ শুরু করেছে।
এদিকে, ইরানের ফার্স ও তাসনিম বার্তা সংস্থায় প্রচারিত এক ভিডিওতে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিন রহিম সাফভি জানিয়েছেন, কৌশলগত জলপথ ‘হরমুজ প্রণালি’ আর কখনোই তার আগের অবস্থায় ফিরবে না এবং ইরান সেখানে তাদের ‘পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ’ অব্যাহত রাখবে।
সাফভি জানান, জলপথটি পরিচালনায় ইরান ও ওমানের মধ্যে এক যৌথ সমঝোতা হলেও যুক্তরাষ্ট্রের বাধার কারণে তা আটকে যায়। এছাড়া পারস্য উপসাগরের সঙ্গে লোহিত সাগর এবং হরমুজ প্রণালির সঙ্গে বাব আল-মান্দেব প্রণালির সংযোগ এই অঞ্চলে যুদ্ধের পটভূমি বদলে দেবে বলে উল্লেখ করে তিনি।
মেজর জেনারেল সাফভি বলেন, ইয়েমেনের হুতিদের নিজস্ব সক্ষমতা ও রণকৌশল রয়েছে। তারা নিজেদের অস্ত্র উৎপাদনে অসামান্য অগ্রগতি এনেছে।
মেজর জেনারেল সাফভি সতর্ক করে বলেন যে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন করে হামলা চালালে যুদ্ধের মাত্রা মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃতি লাভ করবে।

এনটিভি অনলাইন ডেস্ক