ইরানে অস্ত্র ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নতুন টাস্কফোর্স গঠন যুক্তরাষ্ট্রের
ইরানে অস্ত্র ও অবৈধ পণ্য পাঠানোর কাজে ব্যবহৃত স্থলপথগুলো বন্ধ করতে নতুন একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনীর দাবি, এসব পথে ইরানে অস্ত্র ও বিভিন্ন অবৈধ সামগ্রী পাঠানো হয়।
গত শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আট মাস ধরে চলা যুদ্ধের মধ্যে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ আরও জোরদার করতে ২০ সদস্যের একটি বিশেষ দল গঠনের ঘোষণা দেয়। খবর বার্তা সংস্থা এএফপির।
গতকাল রোববার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানে টাস্কফোর্স আয়রন গেট পুরোদমে কাজ শুরু করেছে। ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবরোধের সঙ্গে এই অভিযান যুক্ত হওয়ায় ইরানে এখন খুব সামান্যই কিছু প্রবেশ করতে পারছে, কিংবা দেশটি থেকে বের হতে পারছে।’
শনিবার দেওয়া এক বিবৃতিতে সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, এই বিশেষ বাহিনী ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জামের মজুত পুনরায় পূরণের সক্ষমতা আরও সীমিত করবে।
বিবৃতিতে আরও বলা হয়, ফ্লোরিডায় অবস্থানরত বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দলটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তাদের লক্ষ্য হলো ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্রব্যবস্থা, বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রী এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করা।
তবে যুক্তরাষ্ট্রের এই সর্বশেষ উদ্যোগ ব্যর্থ হবে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের বক্তব্য, এই উদ্যোগের ফলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অর্থনীতি ধসে পড়বে না।
ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাতে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, ‘যুক্তরাষ্ট্র বিভিন্ন নাম ও পরিকল্পনার মাধ্যমে যে অর্থনৈতিক অবরোধ আরোপের চেষ্টা করছে, তা কখনোই বাস্তবায়ন করতে পারবে না। ইরানের অর্থনীতি ধ্বংস ও দেশটির ভাঙন ঘটানোর উদ্দেশ্যে চরম অর্থনৈতিক চাপ প্রয়োগের যে লক্ষ্য যুক্তরাষ্ট্র নিয়েছে, তা অর্জন করতে পারবে না।’
মোহেবি আরও দাবি করেন, ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে যোগাযোগের পথ বন্ধ করার ক্ষমতাও যুক্তরাষ্ট্রের নেই।
সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে দেশটি ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে পারেনি।
এর আগে গত আগস্টে ওয়াশিংটন ইরানের ওপর ‘অর্থনৈতিক শ্বাসরোধ’ অভিযান চালুর ঘোষণা দেয়। এর লক্ষ্য ছিল আগে থেকেই সংকটে থাকা দেশটির অর্থনীতিকে আরও দুর্বল করে ফেলা।
হরমুজ প্রণালীতে তেহরানের অবরোধের জবাবে যুক্তরাষ্ট্র এসব পদক্ষেপ নেয়। বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে অনুমতি ছাড়া চলাচলের চেষ্টা করা জাহাজগুলোকে নিয়মিত লক্ষ্যবস্তু করেছে ইরানের বাহিনী।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)