‘২০২৯ সালে মোদি সরকারের পতন নিশ্চিত’ : অভিজিৎ দীপকে
ভারতের ২০২৯ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের পরাজয় ঘটবে এবং কেন্দ্রীয় ক্ষমতায় পরিবর্তন আসবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
রোববার (৮ নভেম্বর) ভারতের কেরালা রাজ্যের কচিতে আয়োজিত ‘জন্তর মন্তর এট কচি’ শীর্ষক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমসের’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে দীপকে বলেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমেই কেবল সরকারের পরিবর্তন সম্ভব। নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরে যেতে হবে। জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেই নরেন্দ্র মোদির ক্ষমতার অবসান ঘটবে বলে তিনি মন্তব্য করেন।
অভিজিৎ দীপকে অভিযোগ করেন, মোদি সরকার নির্বাচন কমিশনারকে রক্ষা করতে গিয়ে দেশের তরুণদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সম্প্রতি দিল্লিতে জাতীয় পতাকা হাতে প্রতিবাদ জানাতে গিয়ে সিজিপি নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাসহ নিজের গ্রেপ্তারের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ব্রিটিশ আমলের মতো এখন স্বাধীনভাবে জাতীয় পতাকা তুলে ধরলেও কারাগারে পাঠানো হচ্ছে। সরকারের কোনো নির্যাতন তাকে থামাতে পারবে না এবং দেশের সবপ্রান্তেই তিনি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবেন।
সমাবেশে তিনি আরও অভিযোগ করেন, মোদি সরকার জনগণের খাদ্যাভ্যাস, বিয়ে এবং কাকে ভোট দেবে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এসআইআর প্রক্রিয়াকে নির্বাচনি ফলাফল প্রভাবিত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। ভারত আম্বেদকর, মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরুর আদর্শে গড়ে উঠেছে উল্লেখ করে দীপকে বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও মোদি কখনই এই তিন মহান নেতার চেয়ে বড় হতে পারবেন না। এছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলকে বর্তমান ভারতের চেয়ে অনেক বেশি গণতান্ত্রিক ছিল বলেও তিনি মন্তব্য করেন। কচির রাজেন্দ্র ময়দানে আয়োজিত এই সমাবেশে প্রখ্যাত অভিনেতা প্রকাশ রাজসহ বিভিন্ন সমাজসেবী ও যুব সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক