স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত স্কালোনির!
যে হাত ধরে ঘুচেছিল দীর্ঘ ৩৬ বছরের ট্রফি খরা আর যে মাস্টারমাইন্ডের ছোঁয়ায় মেসি ও ডি মারিয়ারা ছুঁয়েছিলেন পরম আরাধ্য সোনালী বিশ্বকাপ। সেই লিওনেল স্কালোনি এবার থামার ইঙ্গিত দিলেন। আলবিসেলেস্তেদের ডাগআউটে সাফল্যের নতুন রূপকথা লেখা এই মহানায়ক আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর জোরালো আভাস দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করে জানুয়ারি থেকেই মেসিদের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন তিনি।
নিজের ভবিষ্যৎ ও বিদায়ের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে স্কালোনি বলেন, ‘আমি আগামী ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে কাজ চালিয়ে যাব, তারপর সম্ভবত এই দায়িত্ব ছেড়ে দেব। ফুটবলের এই তীব্র চাপ থেকে আমার এখন একটু থামা দরকার, নিজেকে রিচার্জ করা প্রয়োজন।’
বিদায়ের সুর বাজলেও দলের প্রতি নিজের ভালোবাসা এবং অর্জনে ভীষণ তৃপ্ত এই সোনালি ট্রফি জয়ী কোচ। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্পিরিটটা ধরে রাখা। আর্জেন্টিনার সাধারণ মানুষ এবং দলের খেলোয়াড়দের মধ্যে যে অভূতপূর্ব ভালোবাসার মেলবন্ধন তৈরি হয়েছে, তা যেন বজায় থাকে। আমি এই দলের অংশ হতে পেরে অত্যন্ত গর্বিত।’
২০১৮ সালে এক চরম সংকটের মুহূর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। এরপর ফুটবল বিশ্বকে চমকে দিয়ে মেসিদের নিয়ে একে একে জিতেছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই কোচের ডিসেম্বরের সম্ভাব্য বিদায় নিশ্চিতভাবেই আর্জেন্টিনার ফুটবল আকাশে একটি সোনালি এবং অবিস্মরণীয় যুগের অবসান ঘটাতে চলেছে।

স্পোর্টস ডেস্ক