ব্যালন ডি’অর জিতলে পুরস্কার আফ্রিকাকে উৎসর্গ করবেন এমবাপে
ফ্রান্সেই জন্ম কিলিয়ান এমবাপের। প্যারিসের বন্ডি শহরে বেড়ে ওঠা এই তারকা আন্তর্জাতিক ফুটবলেও ফ্রান্সের হয়েই প্রতিনিধিত্ব করেছেন। তবে নিজের আফ্রিকান শিকড়ের কথা কখনোই আড়াল করেননি তিনি।
ব্যালন ডি’অর ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে, ততই সামনে আসছে এমবাপের আফ্রিকান বংশপরিচয়ের প্রসঙ্গ। পুরস্কারটি জিতলে তা আফ্রিকাকে উৎসর্গ করার কথা জানিয়েছেন ফরাসি এই তারকা। বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত সাংবাদিকদের ভোটে দেওয়া এই পুরস্কারকে ঘিরে তার মন্তব্যের পর উঠেছে নতুন প্রশ্ন, এটি কি শুধুই শিকড়ের প্রতি টান, নাকি ভোটের হিসাবও রয়েছে?
ফ্রান্সের আন্তর্জাতিক গণমাধ্যম ও সংবাদ সম্প্রচার প্রতিষ্ঠান আরএফআইকে (রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল) দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপে বলেন, ‘আমার জন্ম ফ্রান্সে এবং ফ্রান্সের জন্যই আমি সবকিছু করেছি। কিন্তু একই সঙ্গে আমি আফ্রিকান সংস্কৃতির মধ্যেই বেড়ে উঠেছি। আমার শিকড় ও আমার উৎসের সঙ্গে আমি কখনোই সম্পর্ক ছিন্ন করিনি।’
এমবাপের বাবা উইলফ্রিড ক্যামেরুনের নাগরিক। অন্যদিকে তার মা ফায়জা লামারি ফরাসি হলেও তার পারিবারিক শিকড় আলজেরিয়ায়। চলতি বছরের শুরুতে এমবাপে জানিয়েছিলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আলজেরীয় আত্মীয়দের সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়েছে। তবে ছোটবেলায় ক্যামেরুনিয়ান আত্মীয়দের সঙ্গেই তার যোগাযোগ ছিল বেশি। ২০২৩ সালে বাবার গ্রামের জেবালেতেও ঘুরে এসেছেন তিনি।
এমবাপের এমন মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, ব্যালন ডি’অরের ভোটে আফ্রিকান সাংবাদিকদের সমর্থন পাওয়ার বিষয়টিও কি তার বিবেচনায় ছিল? আফ্রিকান সাংবাদিকদের ভোট নিয়ে সরাসরি জানতে চাওয়া হলে এমবাপে তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর পাশাপাশি তিনি বলেন, ‘আমি আশা করি ব্যালন ডি’অর জিততে পারব এবং কোনো না কোনোভাবে এই পুরস্কার তাদের উৎসর্গও করব।’
ব্যালন ডি’অরের ভোটে আফ্রিকান সাংবাদিকদের ভোটের অংশ প্রায় ২০ শতাংশ। ফলে এমবাপের মন্তব্যকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর কিছু ব্যবহারকারী মনে করছেন, আফ্রিকান ভোটারদের সমর্থন পাওয়ার লক্ষ্যেই এমন বক্তব্য দিয়েছেন তিনি।
তবে শুধুই ভোট পাওয়ার উদ্দেশ্যে এমবাপে এমন কথা বলেছেন, এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। কারণ আফ্রিকার সঙ্গে তার সম্পর্ক এবং ক্যামেরুনিয়ান ও আলজেরীয় শিকড় নিয়ে তিনি আগেও একাধিকবার কথা বলেছেন। ফলে বিষয়টি তার ব্যক্তিগত পরিচয় ও পারিবারিক শিকড়ের সঙ্গেও গভীরভাবে যুক্ত।
উদ্দেশ্য যাই হোক, এমবাপের এই বক্তব্য আফ্রিকায় তার শিকড় ও ব্যালন ডি’অরের ভোট, দুই বিষয়কেই নতুন করে আলোচনায় এনেছে।

স্পোর্টস ডেস্ক