মেসির শেষ ম্যাচের জার্সিতে আসছে বিশেষ চমক
দিনগণনা শুরু হয়েছে অনেক আগেই। এখন কেবল অপেক্ষার পালা। আগামী ৬ অক্টোবর বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় সেই অপেক্ষার অবসান ঘটবে। আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি।
বেনিনের বিপক্ষে ম্যাচটি ঘিরে এরই মধ্যে আবেগে ভাসছেন মেসিভক্তরা। বিদায়ী ম্যাচ সামনে রেখে ইনস্টাগ্রামে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ভিডিওতে দেখা যায়, সোফার ওপর আর্জেন্টিনার পতাকার রঙে তৈরি এক জোড়া বুট রাখছেন মেসি। পাশে হ্যাঙ্গারে ঝোলানো ছিল তার পরিচিত ১০ নম্বর জার্সি। সেটি সরিয়ে সেখানে রাখা হয় নতুন একটি জার্সি।
জার্সিটি মেসির ১০ নম্বর হলেও নকশায় রয়েছে বিশেষত্ব। ক্যাপশনে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ...আজীবনের স্মারক জার্সি। শেষ লড়াই...আজীবনের জন্য স্মারক এক পোশাক।’
মূলত জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতেই তৈরি করা হয়েছে বিশেষ এই জার্সি। হালকা নীল রঙের জার্সির মাঝখান দিয়ে নেমে গেছে সাদা স্ট্রাইপ। পেছনের অংশেও রয়েছে আলাদা নকশা। খেলোয়াড়দের নাম ও নম্বর সোনালি রঙে ফুটিয়ে তোলার পাশাপাশি বিশেষভাবে তুলে ধরা হয়েছে আর্জেন্টিনার প্রতীক ‘সান অব মে’।
মেসির এই আবেগঘন পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু আরেক ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। করতালির ইমোজি দিয়ে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান এই তারকা। আর্জেন্টিনার ফর্মুলা ওয়ান চালক ফ্রাঙ্কো কোলাপিন্তোও আবেগ প্রকাশ করে লিখেছেন, ‘যদি কখনো না যেতেন। আপনাকে ভীষণ মিস করব।’
এরমধ্যে অবশ্য আর্জেন্টিনার হয়ে একাধিক ম্যাচ খেলবেন মেসি। ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে লিওনেল স্কালোনির দলের। এরপর ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে মেসির বিদায় পর্ব সম্পন্ন হওয়ার কথা।
জাতীয় দল থেকে মেসির বিদায়কে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ)। ঘরের মাঠে সমর্থকদের সামনে বিশ্বকাপজয়ী অধিনায়ককে বিদায় জানানোর পরিকল্পনার অংশ হিসেবেই আয়োজন করা হচ্ছে এই ম্যাচ।
এদিকে মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দামও প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য ৫২ থেকে ২৭৮ ইউরোর মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছে ফরাসি ওয়েবসাইট ফুট মেরকাতো। কিছু ক্যাটাগরির টিকিটের মূল্য ১০৪, ১৮৫ ও ২৬০ ইউরো। শিশুদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ১৭ ইউরো।
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ ঘিরে তাই এখন থেকেই তৈরি হচ্ছে বিশেষ আবহ। মাঠে শেষবারের মতো ১০ নম্বর জার্সিতে দেখা যাবে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকাকে। আর সেই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতেই সামনে এসেছে বিশেষ নকশার বিদায়ী জার্সি।

স্পোর্টস ডেস্ক