হ্যাটট্রিক করে দলকে প্রথম জয় এনে দিলেন সালাহ
বর্তমান চ্যাম্পিয়নদের যেন পাত্তাই দিল না মোহাম্মদ সালাহর ট্রাবজনস্পোর। মাত্র চতুর্থ মিনিটের মাথায় দুর্দান্ত শুরুর পর ঘরের মাঠে গ্যালাতাসারাইকে উড়িয়ে দিয়েছে ট্রাবজনস্পোর। মোহাম্মদ সালাহর হ্যাটট্রিকে তুরষ্কের সুপারলিগে মৌসুমের প্রথম পরাজয় দেখলো ইস্তানবুলের দলটি।
ম্যাচ শুরুর চতুর্থ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। মাঝমাঠ থেকে একাই বল নিয়ে ছুটে গিয়ে ঠান্ডা মাথায় দুর্দান্ত গোল করেন তিনি।
এরপরে ম্যাচের দীর্ঘ সময় স্বাগতিকদের আটকে রাখার চেষ্টা করে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে সেই চেষ্টায় পুরোপুরি সফল হতে পারেনি তারা। ৩৯তম মিনিটে সালাহর এসিস্টে গোল করেন সতীর্থ নোয়াহ সাভিওলো।
এর পাঁচ মিনিট যেতে না যেতেই ব্যাবধান আরও বাড়ান মোহাম্মদ সালাহ। তার আরেক সতীর্থ ফ্রানকুলিনো জুর পাস থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন। এতে গোলের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০ তে।
দ্বিতীয়ার্ধেও সমান দাপট ধরে রাখে স্বাগতিকেরা। ম্যাচের ৮০তম মিনিটে ব্যাক্তিগত হ্যাটট্রিক পূরণ করেন মোহাম্মদ সালাহ। নিজেদের অর্ধের কাছাকাছি থেকে বল নিয়ে অর্ধেকের বেশি মাঠ পেরিয়ে যান তিনি। প্রতিরোধ্য সালাহকে থামাতে পারেনি কেউ। সাইড-ফুট ফিনিশে গ্যালাতাসারাইয়ের জালে বল জড়ান সালাহ।
এই ম্যাচে অস্বস্তিও কম পোহাতে হয়নি গ্যালাতাসারাইকে। একাধিক লাল কার্ড দেখেন দলটির দুইজন সদস্য। ৭১তম মিনিটে লাল কার্ড দেখেন দলটির কোচ ওকান বুরুক। এরপর ৮৭তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন দলের ডিফেন্সিভ মিডফিল্ডার লেসলি উগোচুকু।
চলতি মাসের শুরুতে ফাতিহ তেকের বিদায়ের পর দলের দায়িত্ব তুলে দেওয়া হয় জার্মান কোচ থমাস রেইসকে। এই ম্যাচের আগে চলতি সপ্তাহেই ট্রাবজনস্পোরের দায়িত্ব নিয়েছেন তিনি।
এই ম্যাচ শেষে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তুরস্কের সুপার লিগের পঞ্চম স্থানে অবস্থান করছে মোহাম্মদ সালাহর দল ট্রাবজনস্পোর। আর বর্তমান চ্যাম্পিয়নরা ১৩ পয়েন্ট নিয়ে ঠিকই শীর্ষে আছেন।

স্পোর্টস ডেস্ক