মেসিকে নিয়ে স্কালোনির আক্ষেপ
আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামার অপেক্ষায় আছেন মহাতারকা লিওনেল মেসি। ঠিক সেই ম্যাচের আগে আর্জেন্টাইন এই এই ফুটবল জাদুকরকে নিয়ে নিজের মনের এক সুপ্ত আক্ষেপের কথা জানালেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনির অধীনে মেসির নেতৃত্বেই ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। প্রিয় ছাত্রের তাই প্রশংসাও ঝরেছে স্কালোনির মুখে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, মেসির তারুণ্যের দিনগুলোতে যদি তাকে কোচিং করানোর সুযোগ পেতেন, তবে তিনি আরও অনেক বেশি খুশি হতেন।
গত ৩১ আগস্ট জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তবে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা তারকাকে এমন অনারম্বভাবে বিদায় জানাতে চায় না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসিকে মাঠ থেকে বিদায় জানাতে চায় আর্জেন্টিনা।
যে কারণে দেশের সমর্থকদের সামনে, দেশের মাঠে নিজের প্রিয় জার্সিতে আরও একবার মাঠে নেমে আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানাবেন ৩৯ বছর বয়সী তারকা। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে একটি বিশেষ প্রীতি ম্যাচ খেলে নিজের বর্ণাঢ্য ও গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন মেসি।
আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে মেসির সঙ্গে এই শেষ ম্যাচের ঠিক আগে এশিয়ার জনপ্রিয় মিডিয়া আউটলেট ‘মিগু’-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন স্কালোনি। সেখানে কোচের দায়িত্ব পালনকালে মেসির যে রূপটি তিনি দেখেছেন, সেটির প্রশংসা করে স্কালোনি বলেন যে- সেই অভিজ্ঞতা ছিল একদম অসাধারণ। তবে এরপরই নিজের মনের ভেতরে থাকা সেই আক্ষেপের কথাটি লুকাতে পারেননি কোচ।
মেসিকে নিয়ে স্কালোনি বলেন, ‘২২ বা ২৩ বছর বয়সি মেসি ছিল এককথায় অনন্য এক ফুটবলার। আমাদের দলেও সে দারুণ খেলেছে, তবে আরও তরুণ বয়সে তাকে কোচিং করাতে পারলে সত্যি খুব ভালো লাগত। সে অতীতেও অনন্য ছিল, আজও ঠিক তেমনই অনন্য।’
স্কালোনি বলেন, ‘আমাদের দলের সঙ্গে সে সবসময়ই ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করে। সে এবং দলের বাকি সবাই যেন মাঠে ও মাঠের বাইরে সবসময় স্বস্তিতে থাকে, সেজন্য আমরা দলের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করে রেখেছিলাম।’
এর আগে ২০১৮ সালের বিশ্বকাপের পর আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। এরপর তার ও অধিনায়ক মেসির ঐতিহাসিক জুটির হাত ধরেই দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপের সোনালী ট্রফি ঘরে তোলে আর্জেন্টিনা। শুধু তাই নয়, তাদের হাত ধরে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং একটি ফিনালিস্সিমা ট্রফিও জিতেছে আলবিসেলেস্তেরা।

স্পোর্টস ডেস্ক