বন্ধু তালিকা থেকে অপ্রয়োজনীয়দের বাদ দেওয়ার দিন আজ
ফেসবুকে বন্ধু তালিকায় অনেক মানুষ, যাঁদের বেশির ভাগকেই হয়তো ব্যক্তিগতভাবে চেনেন না। তাঁদের নানা পোস্টে ভরে থাকে নিউজফিড। কারও ছবি, কারও খাবারের আয়োজন, আবার কারও অপ্রয়োজনীয় ভিডিও। যাঁদের সঙ্গে যোগাযোগ নেই, এমনকি কখনো দেখাও হয়নি, তাঁদের বন্ধু তালিকা থেকে বাদ দেওয়ার উপলক্ষ আজ ১৭ নভেম্বর ‘আনফ্রেন্ড ডে’।
২০১৪ সালে কৌতুক অভিনেতা জিমি কিমেল দিনটি চালু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ও বিরক্তিকর ব্যক্তিদের বন্ধু তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি মজার ছলে তুলে ধরতেই এই উদ্যোগ।
‘আনফ্রেন্ড’ শব্দটির সঙ্গে আমাদের পরিচয় মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে। ২০০৯ সালে অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল এটি। ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে বন্ধু তালিকা থেকে সরিয়ে দেওয়াকেই বলা হয় আনফ্রেন্ড।
অনেকেই দিনটি পালন করেন মজার ছলে। যাঁরা বারবার টাকা ধার চান, প্রতিটি পোস্টে লাইক দেওয়ার অনুরোধ করেন কিংবা অপ্রয়োজনীয় পোস্ট দিয়ে নিউজফিড ভরিয়ে রাখেন, তাঁদের বন্ধু তালিকা থেকে বাদ দেওয়ার কথাও ভাবেন অনেকে।
তবে আনফ্রেন্ড ডে শুধু বন্ধু তালিকা ছোট করার দিন নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভ্যাস নিয়েও ভাবার সুযোগ। ফেসবুকে ঘণ্টার পর ঘণ্টা সময় দিতে গিয়ে কাছের মানুষদের সময় দেওয়া হচ্ছে কি না, সেটিও ভেবে দেখা দরকার।
প্রিয়জনদের সঙ্গে ঘুরতে গিয়ে অনেক সময় জায়গাটি উপভোগ করার চেয়ে ছবি তোলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই বেশি ব্যস্ত হয়ে পড়ি। অথচ সেই সময়টা আনন্দ করে কাটানোই বেশি জরুরি।
তাই আজ নিজের ফেসবুক বন্ধু তালিকায় একবার চোখ বুলিয়ে নিতে পারেন। যাঁদের সঙ্গে কোনো যোগাযোগ নেই কিংবা যাঁদের পোস্টে বিরক্ত হন, তাঁদের বাদ দিতে পারেন। মনে রাখতে হবে, কাউকে আনফ্রেন্ড করা মানেই তাঁর সঙ্গে শত্রুতা নয়। নিজের ব্যক্তিগত পরিসর ও স্বস্তি বজায় রাখতেও কখনো কখনো কিছু মানুষকে বন্ধু তালিকা থেকে সরিয়ে দেওয়া যায়।

ফিচার ডেস্ক