হঠাৎ এক্সের সঙ্গে দেখা হলে কী করবেন?
সম্পর্ক ভেঙে যাওয়ার পর সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা হয়ে যেতে পারে যেকোনো সময়। রাস্তায়, রেস্তোরাঁয় কিংবা কোনো অনুষ্ঠানে। এমন পরিস্থিতিতে কেউ অস্বস্তিতে পড়েন, কেউ আবার কী বলবেন বুঝতে পারেন না। পুরোনো স্মৃতি মনে পড়ে মন খারাপও হতে পারে।
যুক্তরাষ্ট্রের অনলাইন সাময়িকী ‘মেল ম্যাগাজিন’ এ প্রকাশিত এক প্রতিবেদনে এমন পরিস্থিতি সামলানোর কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
দেখা হলে ছোট করে কথা বলুন
হঠাৎ চোখাচোখি হলে স্বাভাবিকভাবে সালাম বা শুভেচ্ছা জানান। চাইলে শুধু হাসিমুখে মাথা নেড়েও সৌজন্য প্রকাশ করতে পারেন। কথা বলতে না চাইলে ‘ভালো আছেন?’ বলে নিজের কাজে ফিরে যান। দেখা হয়েছে বলে দীর্ঘ সময় কথা বলার প্রয়োজন নেই।
অস্বস্তি হলে বেরিয়ে আসুন
সাবেক সঙ্গীকে দেখে অস্বস্তি লাগলে জোর করে সেখানে দাঁড়িয়ে থাকবেন না। বলতে পারেন, ‘একটু কাজ আছে, পরে কথা হবে।’ কোনো বন্ধু সঙ্গে থাকলে তাঁর কাছে চলে যান। প্রয়োজনে জায়গাটি ছেড়ে বেরিয়ে আসুন। নিজের অস্বস্তির কারণ ব্যাখ্যা করাও জরুরি নয়।
পুরোনো ঝগড়ার প্রসঙ্গ এড়িয়ে চলুন
কথা বলতে গিয়ে সম্পর্ক ভাঙার কারণ, পুরোনো অভিযোগ কিংবা কে কাকে কষ্ট দিয়েছেন, সেসব প্রসঙ্গ তুলবেন না। সাবেক সঙ্গী এসব কথা শুরু করলেও বলতে পারেন, ‘এখন এসব নিয়ে কথা বলতে চাই না।’ বিশেষ করে জনসমক্ষে আবেগের বশে এমন কিছু বলবেন না, যা পরে অস্বস্তির কারণ হতে পারে।
ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন
তিনি নতুন সম্পর্কে আছেন কি না, বিয়ে করেছেন কি না, এখন কোথায় থাকেন, এসব জানতে চাইতে পারেন। উত্তর দিতে স্বস্তি না লাগলে সরাসরি বলুন, ‘এটা নিয়ে কথা বলতে চাই না।’ আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সবকিছু জানার অধিকার তাঁর নেই।
সামাজিক মাধ্যমে যোগাযোগের সিদ্ধান্ত পরে নিন
সাক্ষাতের পর পুরোনো স্মৃতি মনে পড়ে তাঁকে বার্তা পাঠাতে ইচ্ছা হতে পারে। আবেগের মুহূর্তে তাড়াহুড়ো করে যোগাযোগ করবেন না। আগে ভাবুন, যোগাযোগ করলে আপনার ভালো লাগবে, নাকি পুরোনো কষ্ট আবার ফিরে আসবে। প্রয়োজন হলে কিছুদিন অপেক্ষা করুন।
নিজেকে স্বাভাবিক হওয়ার সময় দিন
সাবেক সঙ্গীকে দেখে মন খারাপ হলে নিজেকে দোষ দেবেন না। কাছের কোনো বন্ধুর সঙ্গে কথা বলুন, কিছুক্ষণ হাঁটুন কিংবা নিজের পছন্দের কাজে মন দিন। তাঁর সামনে ভালো থাকার অভিনয় করারও প্রয়োজন নেই।
সম্পর্ক শেষ হলেও পুরোনো অনুভূতি একদিনে মুছে যায় না। তাই হঠাৎ দেখা হলে কীভাবে সাবেক সঙ্গীকে খুশি বা স্বস্তিতে রাখবেন, সেটি ভাবার চেয়ে নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিন। মনে রাখবেন, কথা বলা, এড়িয়ে যাওয়া কিংবা সেখান থেকে চলে আসা, সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনারই।

ফিচার ডেস্ক