প্রাক্তনকে ভুলতে পারছেন না? মস্তিষ্কে চলছে যে খেলা...
সম্পর্কটা শেষ হয়ে গেছে। কথা হয় না, দেখা হয় না। তবু দিনে কতবার যে ফোনের দিকে তাকান, যদি তাঁর কোনো বার্তা আসে! পুরোনো ছবি দেখতে ইচ্ছা করে, একসঙ্গে শোনা গান বাজলে মন খারাপ হয়। কখনো মনে হয়, আরেকবার কথা বললে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু সম্পর্ক শেষ হওয়ার পরও কেন এমন হয়? কেন চাইলেই মস্তিষ্ক থেকে মুছে ফেলা যায় না প্রিয় মানুষটির স্মৃতি?
এর উত্তর শুধু আবেগে নয়, মস্তিষ্কের কাজের মধ্যেও লুকিয়ে আছে। নিউরোসায়েন্টিস্ট কুমার বাগরোদিয়া ব্রুট মিডিয়ায় প্রকাশিত এক ফিচারে ব্যাখ্যা করেছেন, বিচ্ছেদের পর মস্তিষ্ক কীভাবে পুরোনো স্মৃতি, অভ্যাস ও অনুভূতির সঙ্গে লড়াই করে।
ফোনের দিকে বারবার তাকান কেন?
সম্পর্কে থাকলে প্রতিদিনের জীবনে একজন মানুষকে ঘিরে অনেক অভ্যাস তৈরি হয়। সকালে ঘুম থেকে উঠে কথা বলা, কাজের ফাঁকে বার্তা পাঠানো কিংবা রাতে দিনের গল্প শোনানো। কখন তিনি ফোন করবেন, কখন দেখা হবে, এসব মস্তিষ্কের কাছে পরিচিত হয়ে ওঠে। বিচ্ছেদের পর মানুষটি জীবন থেকে চলে গেলেও এই অভ্যাসগুলো সহজে যায় না। তাই অজান্তেই ফোন হাতে চলে আসে। মনে হয়, হয়তো বার্তা এসেছে। আসলে মস্তিষ্ক তখনো পুরোনো নিয়মেই অভ্যস্ত।
একটি গানেই কেন ফিরে আসে পুরোনো স্মৃতি?
একটি গান, পরিচিত কোনো জায়গা, এমনকি বিশেষ কোনো গন্ধও মনে করিয়ে দিতে পারে সাবেক সঙ্গীকে। কারণ, মস্তিষ্ক আবেগের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ধরে রাখে। সম্পর্কের সময়ের আনন্দ, অভ্যাস ও অভিজ্ঞতা একে অপরের সঙ্গে মিশে থাকে। তাই সম্পর্ক শেষ হলেও ছোট ছোট ঘটনা পুরোনো অনুভূতি ফিরিয়ে আনতে পারে।
কেন একই কথা বারবার ভাবেন?
‘কোথায় ভুল হলো?’ ‘আরেকটু চেষ্টা করলে কি সম্পর্কটা টিকত?’ ‘সে কি এখনো আমাকে মনে করে?’ বিচ্ছেদের পর এমন প্রশ্ন মাথায় ঘুরতে থাকে অনেকের। একই ঘটনা বারবার মনে করে উত্তর খোঁজার এই প্রবণতাকে মনোবিজ্ঞানে বলা হয় ‘রুমিনেশন’। এতে সমস্যার সমাধান না হয়ে অনেক সময় একই চিন্তা আরও বাড়তে থাকে।
প্রাক্তনের সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখেন?
সম্পর্ক শেষ হলেও সাবেক সঙ্গীর সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখেন অনেকে। নতুন ছবি, কার সঙ্গে সময় কাটাচ্ছেন, ভালো আছেন কি না, এসব জানার আগ্রহ তৈরি হয়। কিন্তু প্রতিবার তাঁর প্রোফাইল দেখার পর নতুন করে নানা প্রশ্ন ও অনুভূতি তৈরি হতে পারে। ফলে পুরোনো সম্পর্ক থেকে মন সরানো আরও কঠিন হয়ে ওঠে। তাই কিছুদিন তাঁর অনলাইন উপস্থিতি থেকে দূরে থাকাও কাজে আসতে পারে।
তাহলে কি কখনো ভুলে যাওয়া সম্ভব?
বিচ্ছেদের পর শুধু একজন মানুষকে হারাতে হয় না, তাঁকে ঘিরে সাজানো ভবিষ্যতের স্বপ্নও ভেঙে যায়। একসঙ্গে ঘুরতে যাওয়া, সংসার করা কিংবা জীবনের বিশেষ সময়গুলো ভাগ করে নেওয়ার পরিকল্পনা আর বাস্তব হয় না।
তবে মানুষের মস্তিষ্ক নতুন অভিজ্ঞতা ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। এই ক্ষমতাকে বলা হয় ‘নিউরোপ্লাস্টিসিটি’। নতুন অভ্যাস তৈরি, কাজের প্রতি মনোযোগ, বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে ধীরে ধীরে বদলায় পুরোনো অভ্যাস ও অনুভূতি।
কুমার বাগরোদিয়ার ব্যাখ্যা অনুযায়ী, বিচ্ছেদ কাটিয়ে ওঠা মানে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া নয়। বরং সময়ের সঙ্গে সেই স্মৃতির প্রভাব কমে আসে। একসময় যে ছবি দেখলে মন খারাপ হতো, সেটিই হয়তো আর আগের মতো কষ্ট দেবে না। কারণ, মস্তিষ্কও ধীরে ধীরে শিখে নেয়, সেই মানুষটি ছাড়াও জীবন চলতে পারে।

ফিচার ডেস্ক