কারিনার গলায় ৩৫ ক্যারেট পান্না! রাজকীয় লুকের আড়ালে কোন গুপ্তধন?
বলিউডের গ্ল্যামার দুনিয়ায় পতৌদি পরিবার মানেই আভিজাত্য, ঐতিহ্য এবং রাজকীয়তার এক অনন্য প্রতিচ্ছবি। প্রতিবারই উৎসব-পার্বণে এই পরিবারটি ফ্যাশন ও জীবনশৈলীতে নতুন মানদণ্ড তৈরি করে।
কারিনা কাপুর খান ও সাইফ আলি খানের যেকোনো উপস্থিতিই ভক্তদের মধ্যে আলাদা উন্মাদনা সৃষ্টি করে, আর দীপাবলির মতো বিশেষ উৎসবে তা রূপ নেয় এক অনন্য রাজকীয় উৎসবে। এবারের দীপাবলিতেও তার ব্যতিক্রম হয়নি, তাঁদের এই রয়্যাল লুক নিমেষেই ফ্যাশন দুনিয়ায় নতুন ঝড় তুলেছে।
এবারের দীপাবলিতে কারিনা কাপুরের লুকের সবচেয়ে বড় আকর্ষণ ছিল তাঁর গলার বিশাল আকারের ৩০ ক্যারাটের পান্না। এটি সাধারণ কোনো গয়না নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভোপাল ও পতৌদি পরিবারের শত বছরের ইতিহাস। ভোপালের শেষ নবাবের কন্যা ও সাইফ আলি খানের দাদি সাজিদা সুলতানের হাত ধরে এই ঐতিহাসিক রত্নটি পতৌদি পরিবারে আসে।
পরবর্তীতে বিয়ের পর সাইফের পরিবারের পক্ষ থেকে এটি উপহার হিসেবে পান কারিনা।
বিখ্যাত ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের একটি দৃষ্টিনন্দন কাফতান পরেছিলেন করিনা, যা সম্পূর্ণ খাঁটি রুপোর সুতো দিয়ে বোনা। এর সঙ্গে চুলে বেঁধেছিলেন বিশেষ টারবান বা পাগড়ি। সেই পাগড়িতে শোভা পাচ্ছিল ২০০ বছরের পুরনো একটি অ্যান্টিক 'কলগি'। মজার বিষয় হলো, বিয়ের দিন নিজের পাগড়িতে ঠিক এই 'কলগি'টিই পরেছিলেন সাইফ আলি খান। স্টাইলিস্ট রিয়া কাপুরের নিখুঁত ছোঁয়ায় এই সাজে ফুটে উঠেছে আধুনিকতা ও ঐতিহ্যের দারুণ সমন্বয়।
মেকআপের ক্ষেত্রে চিরচেনা ছিমছাম মেজাজই বজায় রেখেছেন কারিনা। চোখে চওড়া কাজল আর ঠোঁটে ন্যুড পিঙ্ক লিপস্টিকে তিনি হয়ে উঠেছিলেন মোহময়ী। তাঁর পাশেই কালো কুর্তায় রাজকীয় লুকে নজর কেড়েছেন সাইফ আলি খান। এছাড়া দুই খুদে সদস্য তৈমুরের সাদা সিল্কের কুর্তা এবং ছোট ছেলে জেহের লাল কুর্তায় পতৌদি পরিবারের এই দীপাবলির ফ্রেমটি হয়ে উঠেছিল একদম নিখুঁত ও প্রাণবন্ত।
কারিনা কাপুর ও সাইফ আলি খানের এই রাজকীয় জীবনধারা কেবল গ্ল্যামারের আলোয় মোড়ানো নয়, এর পেছনে রয়েছে সমৃদ্ধ পারিবারিক ঐতিহ্য। পতৌদি রাজ্যের শেষ নামমাত্র নবাব ইফতিখার আলি খান পতৌদির পৌত্র এবং মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের পুত্র হলেন সাইফ। অন্যদিকে, কাপুর পরিবারের চতুর্থ প্রজন্মের তারকা কারিনা জন্মসূত্রে বলিউডের সোনালী ইতিহাসের উত্তরাধিকারী।
পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া ঐতিহ্য এবং আধুনিক বলিউডের সংস্কৃতি দুয়ের মেলবন্ধনে তাঁরা আজ ফ্যাশন ও লাইফস্টাইলের এক জীবন্ত আইকন।
পুরোনো দিনের রাজকীয় ঐতিহ্যকে আধুনিক ফ্যাশনের সঙ্গে কীভাবে সুন্দরভাবে মানিয়ে নিতে হয়, কারিনা ও সাইফ তা প্রতিবারই খুব ভালোভাবে প্রমাণ করেন। শুধু একটি উৎসবের সাজ নয়, বরং পতৌদি পরিবারের এই দীপাবলি উদযাপন যেন তাদের পারিবারিক ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিক জীবনবোধের এক অপূর্ব সংমিশ্রণ। ফ্যাশনপ্রেমী ও সাধারণ মানুষের মনে দীর্ঘকাল এই রাজকীয় অবতার একটি সুন্দর নজির হয়ে থাকবে।

ফিচার ডেস্ক