সঙ্গীর এক্সের সঙ্গে বন্ধুত্ব, মেনে নিতে কষ্ট হলে কী করবেন?
ভালোবাসার সম্পর্কে আস্থা যেমন জরুরি, তেমনি জরুরি নিরাপত্তাবোধ। কিন্তু সঙ্গী যখন সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, তখন অস্বস্তি তৈরি হতে পারে। মনে প্রশ্ন জাগে, পুরোনো সম্পর্কের টান কি এখনো রয়ে গেছে, নাকি নিছক বন্ধুত্ব?
সাবেক সঙ্গীর সঙ্গে বন্ধুত্ব থাকলেই যে বর্তমান সম্পর্কে সমস্যা আছে, এমন নয়। সম্পর্কবিষয়ক মনোবিজ্ঞানী অ্যাবি মেডক্যালফ তাঁর এক লেখায় বিষয়টি ব্যাখ্যা করেছেন। তাঁর আলোচনায় উঠে এসেছে, বিচ্ছেদের পরও সাবেক সঙ্গীর সঙ্গে যোগাযোগ রাখার পেছনে ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে।
২০১৭ সালে সম্পর্কবিষয়ক গবেষণা সাময়িকী পারসোনাল রিলেশনশিপস এ প্রকাশিত এক গবেষণায় বিষয়টি নিয়ে দুটি পৃথক সমীক্ষা করা হয়। গবেষণাটির শিরোনাম ‘সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বন্ধুত্ব: কারণ, পূর্বাভাস ও পরিণতি’। যুক্তরাষ্ট্রের কানসাস বিশ্ববিদ্যালয়ের চার গবেষক রেবেকা এল. গ্রিফিথ, ওমরি গিলাথ, শিয়ান ঝাও ও রিচার্ড মার্টিনেজ এতে যুক্ত ছিলেন।
গবেষণায় সাবেক সঙ্গীর সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার চারটি প্রধান কারণ চিহ্নিত করা হয়। প্রথমত, সৌজন্য। বিচ্ছেদের পরও কেউ কেউ সাবেক সঙ্গীকে কষ্ট দিতে চান না, তাই যোগাযোগ রাখেন। দ্বিতীয়ত, বাস্তব প্রয়োজন। একই কর্মক্ষেত্র, পরিবার কিংবা বন্ধুমহলের কারণে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা কঠিন হতে পারে।
তৃতীয় কারণ আস্থা। দীর্ঘদিনের পরিচিত মানুষ হিসেবে সাবেক সঙ্গীর কাছ থেকে কেউ কেউ মানসিক সমর্থন ও নির্ভরতা পান। চতুর্থ কারণ, পুরোনো প্রেমের আকর্ষণ পুরোপুরি শেষ না হওয়া। নতুন সম্পর্কে জড়ালেও কেউ কেউ সাবেক সঙ্গীকে কাছে রাখেন, ভবিষ্যতে আবার সম্পর্কে ফেরার সম্ভাবনা মাথায় রেখে।
গবেষণার ফল বলছে, আস্থা ও বাস্তব প্রয়োজনের কারণে বজায় থাকা বন্ধুত্বের পরিণতি তুলনামূলক ইতিবাচক। এর মধ্যে আস্থার ভিত্তিতে গড়ে ওঠা বন্ধুত্বের মান সবচেয়ে ভালো পাওয়া গেছে। তবে বাস্তব প্রয়োজন বা সৌজন্যের কারণে টিকে থাকা বন্ধুত্ব দীর্ঘমেয়াদে বজায় থাকার সম্ভাবনা কম। অন্যদিকে, পুরোনো প্রেমের আকর্ষণ থেকে গেলে সেই বন্ধুত্বের পরিণতি নেতিবাচক হওয়ার আশঙ্কা বেশি।
অস্বস্তি হলে কী করবেন?
সঙ্গীর সাবেক সম্পর্ক নিয়ে অস্বস্তি তৈরি হলে চুপ করে থাকা কিংবা ঝগড়ায় জড়ানোর বদলে শান্ত সময়ে কথা বলুন। অভিযোগের সুরে ‘তুমি এখনো তাকে ভালোবাসো?’ না বলে নিজের অনুভূতি জানান। যেমন, ‘তোমাদের নিয়মিত যোগাযোগের বিষয়টি আমাকে অস্বস্তিতে ফেলে। আমি বুঝতে চাই, এই বন্ধুত্ব তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ।’
কথার সময় কয়েকটি বিষয় পরিষ্কার করার চেষ্টা করুন। তাঁদের যোগাযোগ কতটা নিয়মিত? সাধারণত কী নিয়ে কথা হয়? দেখা হলে সেটা কি আগে থেকে জানানো হয়? সাবেক সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত সমস্যা বা বর্তমান সম্পর্কের গোপন বিষয় ভাগাভাগি করা হয় কি না? এসব প্রশ্নের উত্তর সম্পর্কটির প্রকৃতি বুঝতে সাহায্য করবে।
নিজের অস্বস্তির কারণও খুঁজে দেখুন। সঙ্গী কি কোনো কথা গোপন করছেন, নাকি আগের কোনো অভিজ্ঞতার কারণে আপনার মধ্যে অনিরাপত্তা তৈরি হয়েছে? দুটির মধ্যে পার্থক্য বোঝা জরুরি। শুধু সন্দেহের বশে সঙ্গীর ফোন পরীক্ষা করা, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করা কিংবা বারবার জবাবদিহি চাওয়া পরিস্থিতি আরও খারাপ করতে পারে।
দুজন মিলে সীমারেখা ঠিক করুন
সাবেক সঙ্গীর সঙ্গে যোগাযোগ রাখা নিয়ে দুজনের প্রত্যাশা এক নাও হতে পারে। তাই কোন আচরণ গ্রহণযোগ্য, আর কোনটি অস্বস্তিকর, তা নিয়ে স্পষ্ট সমঝোতা করুন। যেমন, দেখা করতে গেলে আগে জানানো, বর্তমান সম্পর্কের ব্যক্তিগত বিষয় সাবেক সঙ্গীর সঙ্গে আলোচনা না করা কিংবা গভীর রাতে অপ্রয়োজনীয় ব্যক্তিগত আলাপ এড়িয়ে চলা। তবে এসব নিয়ম একতরফাভাবে চাপিয়ে না দিয়ে দুজনের সম্মতিতে ঠিক করা উচিত।
একই সঙ্গে বর্তমান সম্পর্ককে সময় দিন। একসঙ্গে সময় কাটানো, নিয়মিত খোঁজ নেওয়া এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে একে অন্যকে যুক্ত করা আস্থা বাড়াতে পারে। সঙ্গীর কথার সঙ্গে আচরণের মিল আছে কি না, সেটিও লক্ষ করুন। শুধু আশ্বাস নয়, ধারাবাহিক আচরণই নিরাপত্তাবোধ তৈরি করে।
আলোচনার পরও যদি গোপনীয়তা, মিথ্যা বলা বা সীমারেখা ভাঙার ঘটনা চলতে থাকে, তাহলে বিষয়টিকে গুরুত্ব দিন। প্রয়োজনে সম্পর্কবিষয়ক পরামর্শকের সহায়তা নিতে পারেন।
সাবেক সঙ্গীর সঙ্গে বন্ধুত্ব মেনে নেওয়া কারও জন্য বাধ্যতামূলক নয়। আবার শুধু এই বন্ধুত্বের কারণে সম্পর্ক ভেঙে দেওয়াও একমাত্র সমাধান নয়। পারস্পরিক সম্মান, স্বচ্ছতা ও আস্থার ভিত্তিতে দুজনের জন্য গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে জরুরি।

ফিচার ডেস্ক