কতবার সত্যিকারের প্রেমে পড়তে পারেন আপনি?
প্রথম প্রেমের মতো অনুভূতি কি আর কখনো ফিরে আসে? নাকি জীবনের ভিন্ন সময়ে নতুন কারও প্রেমেও পড়া সম্ভব? বিশেষজ্ঞের মতে, ভালোবাসার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। বয়স ও অভিজ্ঞতার সঙ্গে বদলে যায় প্রেমের ধরন, প্রত্যাশা ও গভীরতা।
প্রথম প্রেমের স্মৃতি অনেকের কাছেই বিশেষ। সেই সময়ের আবেগ, প্রিয় মানুষকে ঘিরে স্বপ্ন কিংবা বিচ্ছেদের কষ্ট মনে দীর্ঘদিন থেকে যায়। ফলে সম্পর্ক ভেঙে গেলে অনেকের ধারণা হয়, জীবনের সত্যিকারের ভালোবাসা বুঝি একবারই আসে। কিন্তু নতুন কারও সঙ্গে কি আবারও গভীর প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে?
ভারতের জনপ্রিয় লেখক রবীন্দ্র সিংয়ের ‘ক্যান লাভ হ্যাপেন টোয়াইস?’ বইটিতেও উঠে এসেছে এই প্রশ্ন। এ বিষয়ে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস লাইফস্টাইলকে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী, মডেল ও সুস্থতা বিশেষজ্ঞ ডা. অদিতি গোভিত্রিকার।
তাঁর মতে, ভালোবাসার কোনো নির্দিষ্ট সীমা নেই। জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষ ভিন্ন মানুষের প্রেমে পড়তে পারে। তবে প্রতিটি সম্পর্কের অনুভূতি এক রকম হয় না। সময়ের সঙ্গে বদলে যায় ভালোবাসার প্রকাশ ও চাহিদা।
বয়সের সঙ্গে বদলায় প্রেমের ধরন
ডা. অদিতির ব্যাখ্যায়, তরুণ বয়সের প্রেমে আবেগ, আকর্ষণ ও উত্তেজনা বেশি থাকে। প্রিয় মানুষকে কাছে পাওয়ার ইচ্ছা, অপেক্ষা কিংবা তাকে হারানোর ভয় এ সময় অনুভূতিকে আরও তীব্র করে তোলে।
অন্যদিকে, বয়স ও অভিজ্ঞতা বাড়লে সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলায়। তখন শুধু আবেগ বা আকর্ষণ নয়, সম্মান, নিরাপত্তা ও পারস্পরিক বোঝাপড়া বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মানুষ এমন একজন সঙ্গী চান, যার কাছে মনের কথা বলা যায় এবং যাঁর সঙ্গে স্বস্তিতে থাকা যায়।
বিচ্ছেদের পর নতুন প্রেম কি ভুল?
কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার পর আবার প্রেমে পড়াকে ব্যর্থতা মনে করেন না ডা. অদিতি। বরং তাঁর মতে, কঠিন অভিজ্ঞতার পরও ভালোবাসার প্রতি আগ্রহী থাকা মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর পরিচয়।
অতীতের সম্পর্ক মানুষকে নিজের চাহিদা ও প্রত্যাশা বুঝতে সাহায্য করে। কোন আচরণ গ্রহণযোগ্য আর কোন বিষয়ে আপস করা উচিত নয়, সে সম্পর্কেও সচেতনতা তৈরি হয়। তাই নতুন সম্পর্কে জড়ানো মানেই আগের ভালোবাসা মিথ্যা ছিল, এমন নয়।
পরিণত ভালোবাসার বৈশিষ্ট্য
ডা. অদিতির মতে, পরিণত ভালোবাসা মানে অন্য কাউকে দিয়ে নিজের অপূর্ণতা পূরণ করা নয়। বরং এমন একজনকে পাশে পাওয়া, যিনি আপনাকে আপনার মতো করে গ্রহণ করবেন।
এ ধরনের সম্পর্কে দুজনের মধ্যে থাকে সম্মান, বিশ্বাস ও বোঝাপড়া। নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় লাগে না, আবার সব সময় নিজেকে প্রমাণ করার প্রয়োজনও হয় না। শুধু আকর্ষণ নয়, একে অপরের প্রতি যত্নশীল হওয়া এবং কঠিন সময়ে পাশে থাকাও গুরুত্বপূর্ণ।
জীবনে কতবার সত্যিকারের প্রেম সম্ভব?
ডা. অদিতির মতে, জীবনে কতবার প্রেমে পড়া সম্ভব, তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। কেউ হয়তো একবারই গভীর ভালোবাসার সন্ধান পান, আবার কেউ জীবনের ভিন্ন সময়ে একাধিকবার প্রেমে পড়েন। এতে আগের সম্পর্কের গুরুত্ব কমে যায় না।
তাঁর মতে, ভালোবাসার ক্ষমতা বদলায় না, বদলায় তা অনুভব ও প্রকাশের ধরন। তাই প্রেম কতবার এসেছে, তার চেয়ে প্রতিটি সম্পর্ক কতটা আন্তরিক ও অর্থপূর্ণ ছিল, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

ফিচার ডেস্ক