সে কি আপনাকে ভালোবাসে নাকি শুধুই টাইমপাস? বুঝে নিন ৫ লক্ষণে
ডেটিংয়ের এমন একটা সময় আসে, যখন সবকিছুই ভালো মনে হয়। কিন্তু সম্পর্কটি আসলে কোন দিকে যাচ্ছে, তা বোঝা কঠিন হয়ে পড়ে। সে নিয়মিত কথা বলে, আপনার ছোটখাটো বিষয় মনে রাখে, দেখা করতে চায়; সব মিলিয়ে তার আগ্রহও সত্যি মনে হয়। কিন্তু সে কি সত্যিই সম্পর্কটি এগিয়ে নিতে চায়, নাকি শুধু এই সময়টুকু উপভোগ করছে?
এর উত্তর শুধু তার মিষ্টি কথায় নয়, বরং সময়ের সঙ্গে তার আচরণে খুঁজে পাওয়া যায়। কিছু লক্ষণ আছে, যেগুলো দেখে বোঝা সম্ভব সে সম্পর্কটি নিয়ে কতটা সিরিয়াস।
সে যা বলে, তা করে দেখায়
মুহূর্তের উত্তেজনায় অনেকেই নানা কথা বলতে পারেন। কিন্তু যে ব্যক্তি সত্যিই সিরিয়াস, তিনি নিজের কথার প্রতি দায়িত্বশীল থাকেন। সে যদি ফোন করার কথা বলে, তাহলে ফোন করে। দেখা করার কথা বললে সময় বের করে পরিকল্পনা করে। ব্যস্ত থাকলেও বিষয়টি জানায়। বারবার কোনো ব্যাখ্যা ছাড়াই পরিকল্পনা বাতিল করে না। অর্থাৎ, তার কথা আর কাজের মধ্যে মিল খুঁজে পাবেন। তার বলা কথা সত্যিই কাজে পরিণত হবে কি না, তা নিয়ে আপনাকে বারবার ভাবতে হবে না।
সে আপনার আসল মানুষটাকে জানতে চায়
শুধু প্রেমের কথা বা ফ্লার্টিংয়ের মধ্যেই যদি সব আলোচনা সীমাবদ্ধ থাকে, তাহলে সম্পর্কটি গভীর নাও হতে পারে। খেয়াল করুন, সে আপনার স্বপ্ন, বন্ধুত্ব, মতামত, দৈনন্দিন জীবন এবং আপনার কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে জানতে চায় কি না। আপনি আগে যা বলেছেন, সেসব বিষয় সে মনে রাখে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। কারণ, সত্যিকারের আগ্রহ থাকলে একজন মানুষ শুধু রোমান্টিক সম্পর্কের দিকটিই দেখেন না, বরং আপনাকে একজন মানুষ হিসেবে জানার চেষ্টা করেন।
নিজের পরিকল্পনায় আপনাকে জায়গা দেয়
সিরিয়াস সম্পর্ক মানেই ভবিষ্যৎ নিয়ে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া নয়। অনেক সময় সাধারণ কিছু পরিকল্পনার মধ্যেই তার আগ্রহ প্রকাশ পায়। যেমন, কয়েক সপ্তাহ পর কোথাও যাওয়ার পরিকল্পনায় আপনাকে যুক্ত করা, একসঙ্গে কোনো অনুষ্ঠানে যাওয়ার কথা বলা কিংবা সম্পর্কটি কিছুটা এগিয়ে গেলে নিজের গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেওয়া।
এখানে বিষয়টি কত দূরের পরিকল্পনা করছে, তা নয়। বরং ধীরে ধীরে তার দৈনন্দিন জীবনে আপনাকে জায়গা দিচ্ছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ।
কোনো সমস্যা হলে আপনাকে অন্ধকারে রাখে না
সম্পর্কে এমন সময় আসতেই পারে, যখন মনে প্রশ্ন জাগে, ‘আমাদের সম্পর্কটা আসলে কোন পর্যায়ে?’ এমন কোনো বিষয় নিয়ে আপনার খারাপ লাগলে সেটি নিয়ে কথা বলুন। যে ব্যক্তি সম্পর্কটিকে গুরুত্ব দেন, তিনি বিষয়টি নিয়ে আলোচনা করতে আগ্রহী থাকবেন। হয়তো সব প্রশ্নের উত্তর তাঁর কাছে নাও থাকতে পারে, কিন্তু আপনার স্পষ্টতা চাওয়াকে অযৌক্তিক বলবেন না। সুস্থ সম্পর্কের অর্থ এই নয় যে প্রতিটি আলোচনার শেষে আপনার মনের মতো উত্তরই পাবেন। বরং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলার সুযোগ থাকাটাই গুরুত্বপূর্ণ।
শুরুর উত্তেজনা কমে গেলেও একই রকম থাকে
সম্পর্কের শুরুতে প্রায় সবাই বেশ যত্নশীল থাকেন। নিয়মিত কথা বলা, দেখা করার আগ্রহ—সবকিছুই তখন নতুন ও রোমাঞ্চকর মনে হয়। তবে সময়ের সঙ্গে যখন ব্যস্ততা বাড়ে এবং শুরুর সেই উত্তেজনা কমে আসে, তখনই বোঝা যায় আগ্রহটা কতটা সত্যি। সে তখনও নিয়মিত যোগাযোগ রাখছে কি না, আপনার জন্য সময় বের করছে কি না এবং আগের মতোই যত্নশীল আচরণ করছে কি না; এসবই সম্পর্কের প্রতি তার ধারাবাহিকতার গুরুত্বপূর্ণ লক্ষণ।

ফিচার ডেস্ক