বাংলাদেশের বাজারে এবার জাপানের গ্যাটসবাই
জাপানের জনপ্রিয় গ্রুমিং ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের ব্র্যান্ড গ্যাটসবাই এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করছে। জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান ম্যানডম করপোরেশনের এই ব্র্যান্ডের বাংলাদেশে আনুষ্ঠানিক অংশীদার হিসেবে কাজ করবে বেলা বিডি। স্থানীয় বাজারে গ্যাটসবাইয়ের ব্যবসা পরিচালনা, বাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক অংশীদার তৈরিতে কাজ করবে প্রতিষ্ঠানটি।
জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে গ্রুমিং ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের বাজারে রয়েছে গ্যাটসবাই। এবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর মাধ্যমে দেশের বাজারে নিজেদের উপস্থিতি আরও বাড়াতে চায় ব্র্যান্ডটি।
বাংলাদেশে যাত্রার শুরুতেই গ্যাটসবাই ও বেলা বিডি অংশ নিচ্ছে কসমেটিকা ঢাকা ২০২৬-এ। রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক সম্মেলন নগর বসুন্ধরায় (আইসিসিবি) ৩ থেকে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে তিন দিনের এই আয়োজন।
মেলায় দেশীয় ব্যবসায়ী, পরিবেশক, খুচরা বিক্রেতা ও সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে আলোচনা করবে গ্যাটসবাই ও বেলা বিডি। পাশাপাশি বাংলাদেশের গ্রুমিং ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের বাজারের চাহিদা, প্রবণতা ও সম্ভাবনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হবে।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে ব্যক্তিগত পরিচর্যা ও গ্রুমিং পণ্যের ব্যবহার বাড়ছে। জীবনযাত্রায় পরিবর্তন, ব্যক্তিগত পরিচর্যা নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতি আগ্রহের কারণে এ খাতে তৈরি হয়েছে নতুন বাজার। এই সম্ভাবনাকে সামনে রেখেই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছে গ্যাটসবাই।
বেলা বিডির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ‘বাংলাদেশের বাজারে গ্যাটসবাইয়ের আনুষ্ঠানিক যাত্রার অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্য শুধু একটি আন্তর্জাতিক ব্র্যান্ডকে বাংলাদেশের বাজারে নিয়ে আসা নয়; স্থানীয় ব্যবসায়ী, পরিবেশক ও অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক তৈরি করাও আমাদের লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গ্রুমিং ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের খাতে যে সম্ভাবনা রয়েছে, গ্যাটসবাইয়ের উপস্থিতি সেই সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি। কসমেটিকা ঢাকা ২০২৬ আমাদের জন্য বাংলাদেশে গ্যাটসবাইয়ের যাত্রা শুরুর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’
গ্যাটসবাই ও বেলা বিডির এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের ব্যক্তিগত পরিচর্যা পণ্যের বাজারে আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। কসমেটিকা ঢাকা ২০২৬-এ অংশগ্রহণের মধ্য দিয়ে স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার পথও তৈরি করতে চায় প্রতিষ্ঠান দুটি।

এনটিভি অনলাইন ডেস্ক