তৃষা কৃষ্ণানের রূপের গোপন রহস্য, দীর্ঘ ফ্লাইটে কেন শিট মাস্ক ব্যবহার করেন অভিনেত্রী?
দীর্ঘ বিমানযাত্রার পর আয়নায় তাকিয়ে ত্বককে অনেকেরই নিস্তেজ, শুষ্ক কিংবা ক্লান্ত দেখায়। এমন অভিজ্ঞতা নতুন নয়। তাই ভ্রমণের মাঝেই ত্বকের যত্নে অনেক তারকাকে শিট মাস্ক ব্যবহার করতে দেখা যায়। সম্প্রতি দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে বিমানে বসেই শিট মাস্ক ব্যবহার করতে দেখা যায়। এর আগে একই অভ্যাসের জন্য আলোচনায় এসেছিলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াও।
কিন্তু প্রশ্ন হলো, বিমানে বসে শিট মাস্ক ব্যবহার করা কি সত্যিই ত্বকের জন্য উপকারী, নাকি এটি কেবল নতুন এক সৌন্দর্য ট্রেন্ড? বিশেষজ্ঞদের মতে, এর উত্তর নির্ভর করে আপনার ত্বকের ধরন, ব্যবহৃত পণ্যের উপাদান এবং ব্যবহারের সঠিক নিয়মের ওপর।
কেন বিমানে ত্বক শুষ্ক হয়ে যায়?
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, বিমানের ভিতরের বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব কম থাকে। ফলে দীর্ঘক্ষণ সেই পরিবেশে থাকলে ত্বক থেকে পানি দ্রুত বেরিয়ে যায়। এর ফলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, টান ধরতে পারে। যাদের ত্বক আগে থেকেই শুষ্ক বা সংবেদনশীল, তাদের অস্বস্তি হতে পারে। এই পরিস্থিতিতে শিট মাস্ক সাময়িকভাবে আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে ত্বকে। তবে এর প্রভাব দীর্ঘস্থায়ী নয়।
শিট মাস্ক কীভাবে কাজ করে?
শিট মাস্কে সাধারণত গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড এবং অন্যান্য হাইড্রেটিং উপাদান থাকে, যা ত্বকে সাময়িক ভাবে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে দীর্ঘ ফ্লাইটের সময় এটি ব্যবহার করলে ত্বক কিছুটা সতেজ অনুভূত হতে পারে।
তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, শিট মাস্কের প্রভাব দীর্ঘস্থায়ী নয়। মাস্ক ব্যবহারের পর একটি ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখা সম্ভব।
সবার জন্য কি উপযোগী?
শিট মাস্ক সবার জন্য সমান উপযোগী নয়। যাদের ত্বক ব্রণ প্রবণ বা অত্যন্ত স্পর্শকাতর, তাদের ক্ষেত্রে সুগন্ধিযুক্ত বা অ্যালকোহলযুক্ত শিট মাস্ক ত্বকের জ্বালা বা অ্যালার্জির কারণ হতে পারে। তাই নতুন কোনো পণ্য ব্যবহার করার আগে তার উপাদান সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন।
যদি বিমানে শিট মাস্ক ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন। তাহলেও চিন্তার কিছু নেই। একটি ভালো ময়েশ্চারাইজার, ঠোঁটের জন্য লিপবাম এবং পর্যাপ্ত পানি পান করলেও ত্বককে অনেকটাই শুষ্কতার হাত থেকে রক্ষা করা সম্ভব। পাশাপাশি, বিমানে বসে অতিরিক্ত ক্যাফিন বা মদ্যপান করলেও শরীরে পানির ঘাটতি হতে পারে। এই অভ্যাস কমিয়ে ফেললেও উপকৃত হবেন।
আরও একটি বিষয় মনে রাখা প্রয়োজন। শিট মাস্ক যতক্ষণ ব্যবহার করার নির্দেশ দেওয়া থাকে, তার চেয়ে বেশিক্ষণ মুখে রাখা ঠিক নয়। অনেকেই ভাবেন, এটি বেশিক্ষণ মুখে রেখে দিলে বেশি উপকার হবে। কিন্তু তাতে হিতে বিপরীত হতে পারে। মাস্ক শুকিয়ে গেলে তা ত্বকের আর্দ্রতা টেনে নিতে শুরু করে।
ভ্রমণের সময়েও ত্বকের যত্ন নেওয়া জরুরি। তবে শুধু শিট মাস্ক ব্যবহার করলেই ত্বক সুস্থ থাকবে—এমনটি ভাবার সুযোগ নেই। নিয়মিত ত্বকের পরিচর্যা, পর্যাপ্ত পানি পান, সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার এবং স্বাস্থ্যকর জীবনযাপন—এসবের সমন্বয়েই দীর্ঘ ভ্রমণের পরও ত্বক সতেজ ও প্রাণবন্ত রাখা সম্ভব।

ফিচার ডেস্ক