রোগীদের রিপোর্ট নির্ভুল ও দ্রুত করার নির্দেশ বিএমইউ ভিসির
রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়ক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সেবাকে (ল্যাবরেটরি সার্ভিস) সহজ ও আরামদায়ক করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি দ্রুত ও নির্ভুল রিপোর্ট নিশ্চিত করার পাশাপাশি গুণগত মান বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
আজ বৃস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ব ল্যাবরেটরি দিবস উপলক্ষে বিএমইউতে আয়োজিত অনুষ্ঠানে বিএমইউ ভিসি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে বিএমইউর বটতলা থেকে একটি র্যালি বের হয়। পরে বিশ্ববিদ্যালয়ে শহীদ ডা. মিলন হলে ডকুমেন্টারি, পোস্টার ও স্টল প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, একটি হাসপাতাল কতটা স্ট্যান্ডার্ড তা নির্ভর করে ওই হাসপাতালে ল্যাবরেটরি সার্ভিস কতটা স্ট্যান্ডার্ড তার ওপর। রোগীর জটিল রোগ ও সমস্যা চিহ্নিত করা এবং সঠিক চিকিৎসাসেবা প্রদানে ক্লিনিশিয়ানদের পরামর্শ দিয়ে ল্যাবরেটরি সার্ভিসের সঙ্গে জড়িত শিক্ষক, ডাক্তারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
বিএমইউ ভিসি বলেন, বিএমইউর বিদ্যমান ল্যাবরেটরি সার্ভিসকে আরও সুন্দরভাবে পরিচালনা ও আরামদায়ক করতে হবে, যাতে রোগীরা অল্প সময়ে তাঁদের পরীক্ষার স্যাম্পল দিতে পারেন এবং দ্রুত নির্ভুল রিপোর্ট পেতে পারেন। বিশ্ববিদ্যালয় হিসেবে বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস ও রিপোর্টের গুণগত মান অবশ্যই বজায় রাখতে হবে। ল্যাবরেটরিগুলোকে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জন করতে হবে।
বিএমইউ ভিসি আরও বলেন, বিএমইউর ল্যাবরেটরি সার্ভিসের রিপোর্টের মান উন্নত ও নির্ভরযোগ্য হওয়ায় প্রতিদিন এখানে হাজার হাজার রোগী তাঁদের প্রয়োজনীয় টেস্ট করান। ল্যাবরেটরি সেবার সঙ্গে জড়িত বিভাগগুলোকে মহামারি, ভাইরাসের প্রাদুর্ভাব, মৌসুমি রোগ ও জীবাণুর প্রকোপের সময় করণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমকে অবহিত করতে হবে।
ভিসি বলেন, বিএমইউতে যাতে রোগীদের প্রয়োজনীয় সব টেস্ট করা যায়, এমনকি যেসব টেস্ট দেশের কোথাও হয় না সেগুলোও যেন এখানে করা সম্ভব হয়, এবং বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস সেন্টারকে একটি নির্ভরযোগ্য ও অত্যাধুনিক রেফারেল ল্যাবরেটরি সার্ভিস সেন্টার হিসেবে গড়ে তুলতে হবে।

নিজস্ব প্রতিবেদক