বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. চন্দন আর নেই, ক্যাম্পাসে শোকের ছায়া
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায় আর নেই।
আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টার দিকে বিএমইউ-এর সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।
তাঁর মৃত্যুতে বিএমইউ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং অসংখ্য ছাত্রছাত্রী রেখে গেছেন। তার বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার হাকিমপুর গ্রামে।
বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করেন।
পরলোকগমনকারী সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায়ের মরদেহ আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। সেখানে তাঁকে শেষবাবেরর মতো এক নজর দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, সহকর্মী, ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারীরা ভিড় করেন।
রাজধানীর সবুজবাগ শ্মশানে ডা. চন্দন কুমার রায়ের অন্ত্যেষ্টিক্রিয়া আজ সম্পন্ন হবে।

নিজস্ব প্রতিবেদক