‘প্রাথমিক পর্যায়ে লিভার ক্যানসার শনাক্তকরণে কার্যকর উদ্যোগ জরুরি’
লিভার ক্যানসার প্রতিরোধেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে কার্যকর উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করা জরুরি বলে মনে করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, লিভারের রোগ প্রতিরোধে ফ্যাটি লিভার, বি ভাইরাস, সি ভাইরাসের চিকিৎসা ও করণীয় নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন এখন সময়ের দাবি।
‘বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬’ উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে এক বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেপাটোলজি বিভাগ ও বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশেষজ্ঞরা লিভার ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, সিস্টেমিক আধুনিক চিকিৎসা, লিভার প্রতিস্থাপনভিত্তিক চিকিৎসা, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও শনাক্তকরণে জনসংখ্যাভিত্তিক জরিপ বা জনসংখ্যাভিত্তিক লিভার ক্যানসার রেজিস্ট্রির ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে লিভার ক্যানসার বা হেপাটোসেলুলার কার্সিনোমার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, আধুনিক সিস্টেমিক চিকিৎসা, জাতীয় এইচসিসি রেজিস্ট্রি গঠন, সমন্বিত গবেষণা এবং লিভার প্রতিস্থাপনভিত্তিক চিকিৎসার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, লিভার ক্যানসার প্রতিরোধেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে কার্যকর উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করা জরুরি। লিভারের রোগ প্রতিরোধে ফ্যাটি লিভার, বি ভাইরাস, সি ভাইরাসের চিকিৎসা ও করণীয় নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন এখন সময়ের দাবি। অতিরিক্ত ওজন, ডায়াবেটিসের রোগীরা লিভার রোগে আক্রান্ত হওয়ার অধিক ঝুঁকিতে রয়েছে। সেদিকে আরও দৃষ্টি দিতে হবে। সঙ্গে সঙ্গে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় নিশ্চিত করতে জনসংখ্যাভিত্তিক রেজিস্ট্রির দিকেও নজর দিতে হবে।
ডা. এফ এম সিদ্দিকী ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধ, সময়মতো রোগ নির্ণয় এবং লিভার ক্যানসার ব্যবস্থাপনায় আধুনিক চিকিৎসা ও গবেষণার প্রসারে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে সভাপতির বক্তব্যে হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, প্রতিবছর লিভার রোগের চিকিৎসার জন্য অনেক রোগী দেশের বাহিরে যান। আমাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশেই লিভার রোগের সব ধরনের উন্নত ও আধুনিক মানসম্মত চিকিৎসা শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চিত করা। প্রকৃতপক্ষে, লিভার রোগ প্রতিরোধ ও নিরাময়যোগ্য, সেটা যেমন নিশ্চিত করতে হবে একই সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন ও আধুনিক আবিষ্কার ও নব নব সংযোজনকে রোগীদের সার্বিক চিকিৎসায় কাজে লাগাতে হবে।
ডা. শাহিনুল আলম আরও বলেন, বাংলাদেশে হেপাটোসেলুলার কার্সিনোমা মোকাবিলায় জাতীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্ক্রিনিং, জাতীয় রেজিস্ট্রি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।
বিএমইউর হেপাটোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নূরউদ্দিন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউর হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। প্যানেল অব এক্সপার্ট ছিলেন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ডা. মোহাম্মদ মাহাবুব হোসেন, অধ্যাপক ডা. মো. মোহছেন চৌধুরী, অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, অধ্যাপক ডা. ফজলুল করিম, অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক, অধ্যাপক ডা. মো. গোলাম আযম, অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল ফারুক, অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, ডা. মো. সাইফুল ইসলাম এলিন, ডা. ফজলুল কবির, ডা. মো. খালেকুজ্জামান, ডা. রিচার্ড মালো, ডা. এ বি এম শাকিল গনি।
সেমিনারে সঞ্চালনা করেন হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস কে এম নজমুল হাসান ও উপস্থাপক ছিলেন ডা. তনুশ্রী সাহা মুমু। অনুষ্ঠানে বৈজ্ঞানিক অধিবেশনে ডা. সাইয়েদ আবুল ফয়েজ ও ডা. আশিকুর আহমেদ ভূঁইয়া দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল এবং গবেষণা প্রতিষ্ঠানের চিকিৎসক, শিক্ষক, রেসিডেন্ট চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্যানেল আলোচনায় দেশের প্রখ্যাত হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, অনকোলজিস্ট, হেপাটোবিলিয়ারি সার্জন, ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং গবেষকরা অংশগ্রহণ করেন। তারা বাংলাদেশের প্রেক্ষাপটে লিভার ক্যানসার প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণ এবং বহুবিভাগীয় সমন্বিত চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
বিশ্ব হেপাটাইটিস দিবসকে সামনে রেখে আয়োজিত এ সেমিনারটি বাংলাদেশে লিভার ক্যানসার প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও রোশ বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক