বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতুন ওয়ার্ড
দেশের দন্ত্য রোগীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের ২০ শয্যা বিশিষ্ট একটি নতুন ওয়ার্ডের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বহির্বিভাগ-২ এর ৫ম তলায় এ নতুন ওয়ার্ডের উদ্বোধন করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে এই ২০ শয্যা বিশিষ্ট ওয়ার্ড উদ্বোধনের মাধ্যমে দেশের দন্ত্য রোগীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। সাথে সাথে এই সংযোজন দেশে দন্ত্য রোগ চিকিৎসাসেবার উন্নয়নের নবদিগন্ত উন্মোচিত হলো। ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে এই ওয়ার্ড উদ্বোধনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ডি ব্লকের অর্থোপেডিক সার্জারি বিভাগেরও পূর্বের বিদ্যমান শয্যার সাথে আরও ১০টি শয্যায় বৃদ্ধি করা হয়েছে। যা দেশের অর্থোপেডিক রোগীদের চিকিৎসাসেবাকে আরো গতিশীল করবে।
ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নারী-পুরুষ রোগীদের জন্য ২০ শয্যার নতুন ওয়ার্ড উদ্বোধনের পর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তা ঘুরে দেখেন এবং উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন এবং দিক-নির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউ এর সম্মানিত সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ডিন অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদা আক্তার।

নিজস্ব প্রতিবেদক