গ্র্যান্ড ফিনালের আগে সুখবর দিলেন মাহি
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বমঞ্চের চূড়ান্তে পর্বের ফল ঘোষণার আগে দর্শক ভোটে শীর্ষে থাকার সুখবর জানিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। আজ বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টায় উত্তর-পূর্ব ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপ অঞ্চল পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরের গ্র্যান্ড ফিনাল।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ফেসবুক পোস্টে মাহি লিখেছেন, ‘আমার আনন্দ আর কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো না! বাংলাদেশ নম্বর ওয়ান। এত ভালোবাসা, এত সাপোর্ট, এত মানুষের দোয়া—সত্যিই আমি অভিভূত। কিন্তু এখনো থেমে গেলে চলবে না। অনুগ্রহ করে সকাল ৬টা পর্যন্ত ভোট দেওয়া চালিয়ে যান। এখনই থামবেন না। প্রতিটি ভোট অনেক গুরুত্বপূর্ণ।’
তিনি লেখেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, এটা আমাদের সবার। আসুন, আমরা সবাই মিলে ইতিহাস গড়ি। অদম্য বাংলাদেশ। চলো বাংলাদেশ।’ এরপরই জুড়ে দিয়েছেন মুকুটের ইমোজি।’
এদিকে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হচ্ছে এবারের মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। দর্শক ভোটে শীর্ষে থাকা প্রতিযোগী ১১৬ জনের মধ্য থেকে সরাসরি সেরা ৩০-এ জায়গা পাবেন। শেষ এক ঘণ্টার ভোটে কী পরিবর্তন এসেছে, তা জানা যাবে চূড়ান্ত ফল ঘোষণার পর।
এর আগে, গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড। সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই পর্বেই অংশ নেন প্রতিযোগীরা। পোশাক ও র্যাম্পে হাঁটার ভঙ্গি দিয়ে প্রশংসা কুড়ান বাংলাদেশের প্রতিনিধি মাহি। এখন শুধু অপেক্ষা চূড়ান্ত পর্বের।
চূড়ান্ত পর্বের ফল ঘোষণার আগেই এক সুখবর জানিয়েছেন মাহি। দর্শক ভোটে অন্যদের পেছনে ফেলে শীর্ষে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। এদিন ভোরে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে এই খবর জানান এ অভিনেত্রী।
এখন সবার অপেক্ষা গ্র্যান্ড ফিনালের ফলাফলের। দর্শক ভোটে পাওয়া এই সাফল্য চূড়ান্ত পর্বে মাহির যাত্রাকে কতটা এগিয়ে নেয়, সেটিই দেখার বিষয়।

বিনোদন ডেস্ক