৩ হাজার ১৫০ হীরার মুকুটই নয়, মিস ইউনিভার্সের জন্য থাকছে যত চমক
মাথায় ঝলমলে হীরার মুকুট, সঙ্গে বিপুল অর্থমূল্যের সুবিধা, বিলাসবহুল আবাসন, বিশ্বখ্যাত ডিজাইনারদের পোশাক এবং আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ। মিস ইউনিভার্সের মুকুট জয়ের সঙ্গে একজন বিজয়ীর সামনে খুলে যায় সম্ভাবনার নতুন দুয়ার। এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসর উপলক্ষে তৈরি হয়েছে বিশেষ একটি মুকুট। সাদা সোনায় তৈরি মুকুটটিতে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। এর মধ্যে বিশেষ তিনটি হীরা তুলে ধরছে মিস ইউনিভার্সের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।
গত ১২ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় সেই মুকুট। বাংলাদেশ সময় ২৫ নভেম্বর সকালে জানা যাবে নতুন মিস ইউনিভার্সের নাম। বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন গত আসরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ। তবে মুকুট ছাড়াও বিজয়ীর জন্য থাকছে নানা সুযোগ-সুবিধা। চলুন জেনে নেওয়া যাক।
৩ হাজার ১৫০ হীরায় তৈরি মুকুট
মিস ইউনিভার্সের ইতিহাসে এটি ১৪তম নকশার মুকুট। ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের মুকুটটি তৈরি হয়েছে ১৮ ক্যারেটের সাদা সোনা দিয়ে। এতে রয়েছে ৩ হাজার ১৫০টি ব্রিলিয়ান্ট কাটের হীরা।
মুকুটটির নকশা করেছেন ভেনেজুয়েলার গয়না ডিজাইনার জর্জ উইটেলস। তাঁর সঙ্গে কাজ করেছে প্যারিসের গয়না নির্মাতা প্রতিষ্ঠান মেজোঁ দ’অর। মুকুটের পেছনে ফুটিয়ে তোলা হয়েছে ৭৫ সংখ্যাটি। সামনের তিনটি বিশেষ হীরা প্রতীকীভাবে তুলে ধরছে মিস ইউনিভার্সের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।
আয়োজকদের মতে, মুকুটের বিশেষ তিনটি হীরার প্রতিটিরই আলাদা তাৎপর্য আছে। বাঁ দিকের হীরাটি অতীতের প্রতিনিধিত্ব করছে। মিস ইউনিভার্সের দীর্ঘ ইতিহাসে নানা বাধা পেরিয়ে যেসব নারী নিজেদের অবস্থান তৈরি করেছেন, তাঁদের সম্মান জানানো হয়েছে এর মাধ্যমে।
ডান দিকের হীরাটি বর্তমানের প্রতীক, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনা নারীদের প্রতিনিধিত্ব করছে। আর মাঝখানের সবচেয়ে বড় হীরাটি আগামী প্রজন্মের যেসব নারী মিস ইউনিভার্সের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবেন, তাঁদের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে।
ইতিহাসে বদলেছে মুকুটের নকশা
১৯৫২ সালে মিস ইউনিভার্সের প্রথম আসরে ফিনল্যান্ডের আরমি কুসেলার মাথায় পরানো হয়েছিল ‘রোমানভ ইম্পেরিয়াল নাপশিয়াল ক্রাউন’। সেই মুকুটে ছিল ১ হাজার ৫২৯টি হীরা। পরবর্তী সময়ে আলোচিত মুকুটগুলোর মধ্যে রয়েছে ‘মিকিমোটো ফিনিক্স ক্রাউন’। এতে ব্যবহার করা হয়েছিল ৫০০টি হীরা এবং ১২০টি সাউথ সি ও আকোয়া মুক্তা।
২০২৪ ও ২০২৫ সালের আসরে ব্যবহৃত হয় ‘লুমিয়ের দ্য লাঁফিনি’ মুকুট। ফিলিপাইনের প্রতিষ্ঠান জুয়েলমারের তৈরি এই মুকুটে সোনা, প্লাটিনাম, হীরার পাশাপাশি ২৩টি সোনালি সাউথ সি মুক্তা ছিল।
মুকুট কি বিজয়ীর নিজের হয়?
সাধারণত দায়িত্ব পালনের এক বছর মুকুটটি ব্যবহার করতে পারেন মিস ইউনিভার্স বিজয়ী। বিভিন্ন দেশ সফর, ফটোশুট, আনুষ্ঠানিক অনুষ্ঠান ও দাতব্য কার্যক্রমে এটি পরেন তিনি। তবে দায়িত্বের মেয়াদ শেষে মূল মুকুটটি আয়োজকদের কাছে ফেরত দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে স্মারক হিসেবে বিজয়ীকে মুকুটের প্রতিরূপ বা রেপ্লিকা দেওয়া হয়।
বছরে প্রায় ৩ কোটি টাকার পারিশ্রমিক?
মিস ইউনিভার্সের বিজয়ী কী কী সুযোগ-সুবিধা পান, তার পূর্ণাঙ্গ তালিকা সাধারণত প্রকাশ করেন না আয়োজকরা। মিস ইউনিভার্স বিজয়ীর আর্থিক প্রাপ্তি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিভিন্ন সময়ে নানা তথ্য প্রকাশিত হয়েছে।
ব্লুমবার্গ লিনিয়া ও ইকুয়েডরের সংবাদমাধ্যম এল ইউনিভার্সোর প্রতিবেদন অনুযায়ী, মিস ইউনিভার্স বিজয়ীর বার্ষিক পারিশ্রমিক আনুমানিক ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ১২ লাখ টাকা।
এ ছাড়া আনুষ্ঠানিক দায়িত্ব ও সংশ্লিষ্ট ব্যয় নির্বাহের জন্য মাসে ৫০ হাজার মার্কিন ডলার বরাদ্দের কথাও জানিয়েছে সংবাদমাধ্যম দুটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬২ লাখ ৩৮ হাজার টাকা। তবে এই অর্থের পুরোটাই বিজয়ীর ব্যক্তিগত আয় নয়; আন্তর্জাতিক সফর ও বিভিন্ন দায়িত্ব পালনের ব্যয় মেটাকে এর অর্থ অন্তর্ভুক্ত হতে পারে। অবশ্য এসব আর্থিক সুবিধার তথ্য মিস ইউনিভার্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।
নিউইয়র্কে বিলাসবহুল আবাসন
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বার্ষিক পারিশ্রমিক ছাড়াও দায়িত্ব পালনের সময় নিউইয়র্কে আয়োজকদের ব্যবস্থাপনায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ পান বিজয়ী। এখান থেকেই তিনি মিস ইউনিভার্স অর্গানাইজেশনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
পোশাক, সৌন্দর্যচর্চা ও আন্তর্জাতিক ভ্রমণ
এক বছরের দায়িত্ব পালনে বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনারদের পোশাক, গয়না ও বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গ ব্যবহারের সুযোগ পান মিস ইউনিভার্স। পাশাপাশি মেকআপ, চুলের সাজ ও সৌন্দর্যচর্চায় পেশাদার বিশেষজ্ঞদের সহযোগিতা থাকে। বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয় প্রসাধনী ও সৌন্দর্যচর্চার পণ্য।
মিস ইউনিভার্স হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্বের বিভিন্ন দেশ সফরের সুযোগও পান তিনি। তবে এসব ভ্রমণের সঙ্গে যুক্ত থাকে নানা দায়িত্বও। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া, সামাজিক ও মানবিক উদ্যোগে অংশ নেওয়া, দাতব্য কার্যক্রম ও সচেতনতামূলক প্রচারণায় যুক্ত হওয়া, ফ্যাশন শো ও আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নেওয়াসহ নানা কাজে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রতিনিধিত্ব করেন তিনি।
আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজের সুযোগ
মিস ইউনিভার্সের খেতাব বিজয়ীর পেশাগত জীবনেও নতুন সম্ভাবনা তৈরি করে। আন্তর্জাতিক নামীদামি ফ্যাশন, প্রসাধনী ও লাইফস্টাইল ব্র্যান্ডের বিজ্ঞাপন, ফটোশুট এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজের সুযোগ আসে। উদাহরণস্বরূপ, গত আসরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ এর উদাহরণ। তিনি আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড গেসের প্রচারণার মুখ হয়েছেন।
মিস ইউনিভার্স হিসেবে দায়িত্ব শেষ হওয়ার পরও নিজের পরিচিতি ও জনপ্রিয়তা কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ক্যারিয়ার গড়ার সুযোগ থাকে একজন বিজয়ীর।

ফিচার ডেস্ক