নিজ গ্রামেই চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান
অভিনয় দিয়ে পর্দায় তুলে ধরেছেন গ্রামীণ মানুষের জীবন, আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি। বাস্তব জীবনেও ছিলেন মাটির মানুষ। গ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, সামাজিক ও উন্নয়নমূলক কাজে এগিয়ে আসা—সবখানেই ছিল তাঁর সরব উপস্থিতি। সেই অভিনেতা সোহেল খান এবার চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের কবরস্থানে।
গতকাল মঙ্গলবার মাগরিবের নামাজের পর ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে।
এর আগে মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে। তার মৃত্যুতে বন্ধ রাখা হয়েছে ‘নসিব’ সিনেমার শুটিং।
সোহেল খানের অভিনয়ের একটি বিশেষ দিক ছিল স্থানীয় মানুষের জীবন ও সংস্কৃতিকে পর্দায় তুলে ধরা। নিজের এলাকার ভাষা, রীতিনীতি ও আচার-ব্যবহারকে অভিনয়ের মধ্য দিয়ে জীবন্ত করে তুলতেন তিনি।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু সোহেল খানের। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি।
নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘কেমনে কী!’, ‘প্রিয় কমলা’, ‘শান’ ও ‘জংলি’।

বিনোদন ডেস্ক