ফাওয়াদ-মাহিরা-হানিয়াসহ সব তারকা একসঙ্গে, ডিসেম্বরে ঝড় তুলবে যে সিরিজ
অত্যন্ত প্রতীক্ষিত পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সামেট লো’ আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে সিরিজটি। ফরহাত ইশতিয়াকের সর্বাধিক বিক্রিত উর্দু উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত এই সিরিজে পাকিস্তানের বিনোদন জগতের অনেক বড় বড় তারকাকে একসঙ্গে দেখা যাবে।
নেটফ্লিক্স সিরিজটির মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি এর প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে। পোস্টারে পাকিস্তানের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পীকে দেখা গেছে। এই অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছে—মাহিরা খান, ইকরা আজিজ, ফাওয়াদ খান, হানিয়া আমির ও হামজা আলী আব্বাসিসহ অনেকে। এই অভিনয়শিল্পীদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ অ্যাকাউন্টে বিষয়টি শেয়ার করেছেন।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের জন্য ভিডিও প্ল্যাটফর্মটির বিশেষায়িত আঞ্চলিক শাখা ‘নেটফ্লিক্স মেনা’ এক ঘোষণার সঙ্গে ট্যাগলাইন জুড়ে দিয়েছে—‘তিন প্রজন্ম, ছয়টি প্রেমের গল্প। একটি প্রশ্ন—আমাদের হৃদয়ে যে ভালোবাসা আছে, তা কি যথেষ্ট?’
এই সিরিজটি নিয়ে আলোচনার অন্যতম প্রধান কারণ হলো বিশাল তারকা বহুল কাস্টিং। এতে পাকিস্তানের প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় অভিনয়শিল্পীরাও রয়েছেন।
সিরিজটিতে অভিনয় করছেন—ফাওয়াদ খান, মাহিরা খান, আহাদ রাজা মীর, সানাম সাঈদ, হামজা আলী আব্বাসী, হানিয়া আমির, ইকরা আজিজ, মায়া আলী, বিলাল আশরাফ, খুশহাল খান, নাদিয়া খান, আহমেদ আলী আকবর, আমিনা শেখ, নাদিয়া জামিল, ওমাইর রানা ও সামিনা আহমেদ।
এতো বেশি প্রখ্যাত অভিনয়শিল্পীর একসঙ্গে কাজ করার ঘটনায় দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। কারণ তাদেরকে এ একসঙ্গে পর্দায় দেখার সুযোগ সচরাচর পাওয়া যায় না।
এই সিরিজের মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন ফাওয়াদ ও মাহিরা জুটি। এর আগে ‘হামসাফার’ নাটকে তাদের জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পরবর্তীতে তারা ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ ও ‘নিলুফার’-এর মতো সিরিয়ালেও একসঙ্গে কাজ করেছেন।
‘জো বাচে হ্যায় সঙ্গ সামেট লো’ সিরিজটি ফরহাত ইশতিয়াকের একই নামের সর্বাধিক পঠিত উর্দু উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে।
উপন্যাসটি ২০০৯ সালে ‘খাওয়াতিন ডাইজেস্ট’ ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এবং ২০১৩ সালে এটি বই আকারে প্রকাশ পায়। গল্পটিতে ভালোবাসা, বিচ্ছেদ, মানসিক ক্ষত, সম্পর্ক এবং মানবিক সম্পর্কের জটিল দিকগুলো ফুটে উঠেছে।
এই গল্পের কেন্দ্রে রয়েছেন হার্ভার্ডের আইন বিভাগের পাকিস্তানি শিক্ষার্থী সিকান্দার। তিনি একটি মর্মান্তিক অভিজ্ঞতার পর মানসিকভাবে নিজেকে গুটিয়ে নেন। অপরদিকে লিসা একজন আশাবাদী শিল্পী, যার অতীত বেশ জটিল। ইতালিতে তাদের দেখা হয়। সেখানে তাদের মধ্যে গড়ে ওঠা এক অপ্রত্যাশিত সম্পর্ক নানা ব্যক্তিগত লড়াই, বেদনাদায়ক সত্য উন্মোচন এবং ক্ষত সারিয়ে তোলার সম্ভাবনার মধ্য দিয়ে এগিয়ে চলে।
কাহিনিটিতে অন্বেষণ করা হয়েছে, কীভাবে অতীতের অভিজ্ঞতা মানুষের সম্পর্ককে রূপ দেয় এবং কীভাবে মানুষ নিজেদের আবেগীয় ভার বহন করে ভালোবাসার পথে এগিয়ে চলে।
দেশের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত এবং সম্পর্ক ও আবেগীয় যাত্রার ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই সিরিজটি ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
‘জো বাচে হ্যায় সঙ্গ সামেট লো’ আগামী ৪ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে।

এনটিভি অনলাইন ডেস্ক