মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব পাস জাতিসংঘে, বিপক্ষে পাকিস্তানসহ ৩৩ দেশ
মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ আরোপের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি খসড়া প্রস্তাব পাস হয়েছে। ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে গত শুক্রবার (১৩ নভেম্বর) রেকর্ড ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ডের ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক এই প্রস্তাবের পক্ষে ১৩৩টি দেশ ভোট দিলেও পাকিস্তান ও ভারতসহ ৩৩টি দেশ এর বিপক্ষে ভোট দিয়েছে। এছাড়া ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।
প্রস্তাবটির বিপক্ষে ভোট দেওয়া উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, মালদ্বীপ ও মিসর।
গৃহীত প্রস্তাবে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের অব্যাহত প্রয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে যথাযথ আইনি শাস্তি নির্ধারণসহ প্রতিটি দেশের নিজস্ব আইনি ব্যবস্থা গড়ে তোলার সার্বভৌম অধিকারকে পুনর্ব্যক্ত করা হয়েছে।
প্রস্তাবে মৃত্যুদণ্ড সম্পূর্ণ বিলোপ করার লক্ষ্য সামনে রেখে সব রাষ্ট্রকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ আরোপের আহ্বান জানানো হয়। এছাড়া যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বিলোপ করেছে, তাদের তা পুনরায় চালু না করার অনুরোধ জানানো হয়েছে। প্রস্তাবে আরও উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের প্রয়োগ সীমিত করার প্রবণতা থাকা সত্ত্বেও ২০২৫ সালে নথিভুক্ত মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এছাড়া সব রাষ্ট্রকে পর্যায়ক্রমে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার আহ্বান জানিয়ে প্রস্তাবে বলা হয়েছে, অপরাধ সংঘটনের সময় যাদের বয়স ১৮ বছরের নিচে ছিল কিংবা যাদের বয়স ১৮ বছরের বেশি কি না তা সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব নয়, এমন ব্যক্তিদের ক্ষেত্রে যেন মৃত্যুদণ্ড আরোপ করা না হয়।
পাশাপাশি অন্তঃসত্ত্বা নারী, মানসিক বা বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান বাতিল করাসহ যেসব অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া যায়, সেগুলোর সংখ্যা কমিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছে জাতিসংঘের এই প্রস্তাবে।

এনটিভি অনলাইন ডেস্ক