নিউইয়র্ক মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, নেপথ্যে কী
ফেসবুকে একটি পোস্টার, আর তাতেই শোরগোল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খান এবার হাজির হচ্ছেন সম্পূর্ণ নতুন এক চমক নিয়ে। সবাইকে চমকে দিয়ে তিনি জানালেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান মামদানি অভিনয় করেছেন তার সঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে!
গতকাল শুক্রবার রাতে জায়েদ খান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার করে নেটিজেনদের মাঝে তুমুল কৌতূহলের সৃষ্টি করেন। পোস্টারটিতে দেখা যায়, বেশ চনমনে ভঙ্গিতে জায়েদ খানের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।
ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান লেখেন– আসলে কি হচ্ছে এটা? মেয়র জোহরান মামদানি আমার কাঁধে হাত রাখছে? চমৎকার!
জানা গেছে, তারা দুজন একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। জন কবির ও সাদ আল আমীনের যৌথ পরিচালনায় এই প্রজেক্টটি মূলত প্রবাসী বাংলাদেশিদের জীবন সংগ্রাম, সাফল্য ও নানা অভিজ্ঞতা নিয়ে তৈরি করা হয়েছে।
এর আগে গত মার্চ মাসে এই সিরিজের প্রথম পর্বটি মুক্তি পেয়েছিল, যা প্রবাসীদের মাঝে বেশ সাড়া ফেলে। এবার দ্বিতীয় পর্বে জায়েদ খানের সঙ্গে খোদ নিউইয়র্কের মেয়রের উপস্থিতি প্রজেক্টটিতে যোগ করেছে ভিন্ন মাত্রা।
দর্শক ও ভক্তদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ঠিক ৯টায় ‘ঠিকানা বাংলাদেশ’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে একযোগে মুক্তি পাবে ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’।
নিউইয়র্কের মেয়রের সঙ্গে জায়েদ খানের এই রসায়ন পর্দায় কেমন জমে, এখন সেটাই দেখার অপেক্ষায় আছেন দর্শক ও নেটিজেনরা।

বিনোদন ডেস্ক