‘হেরে গিয়ে কেমন লাগছে?’ প্রশ্ন এড়িয়ে নীরবে হাঁটলেন ট্রাম্প
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে দলীয় পরাজয়ের তিন দিন পর হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় স্কাই নিউজের এক সাংবাদিকের করা এক কঠিন প্রশ্ন সম্পূর্ণ এড়িয়ে নীরবে হেঁটে চলে যান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস’ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (৬ নভেম্বর) হোয়াইট হাউসের বাইরে মেরিন ওয়ান হেলিকপ্টারে ওঠার আগে বৃষ্টির মধ্যে ছাতা হাতে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে এই ঘটনা ঘটে। মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের জয় এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে রদবদলের ঘোষণার পরপরই এই পরিস্থিতি তৈরি হয়।
স্কাই নিউজের সাংবাদিক ডমিনিক ওয়াগহরন প্রথমে ইরান বিষয়ে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন। ট্রাম্পও ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে সংক্ষিপ্ত জবাব দিয়েছিলেন। তবে যখন ট্রাম্প হেলিকপ্টারের দিকে হাঁটা শুরু করেন, তখন ওই সাংবাদিক উচ্চস্বরে চিৎকার করে প্রশ্ন করেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, পরাজিত হিসেবে আপনার এখন কেমন লাগছে?’
ভিডিও ফুটেজ ও রেকর্ডিংয়ে দেখা যায়, এই প্রশ্নের কোনো উত্তর না দিয়েই তিনি হেঁটে চলে যান। তবে তিনি এই প্রশ্নে রাগান্বিত হয়েছিল কিনা সেটা বুঝা যায়নি। এর আগে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জেরে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হিসেবে স্টিভেন মিলারের নাম ঘোষণা করা হয়। তবে এই রদবদলকে নির্বাচনের পরাজয়ের ফল হিসেবে মানতে নারাজ ট্রাম্প। যদিও আগামী জানুয়ারি থেকে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা নতুন কংগ্রেসের মুখোমুখি হতে যাচ্ছে তার প্রশাসন।

এনটিভি অনলাইন ডেস্ক