আলোচনার মাঝেই বধূবেশে ক্যামেরাবন্দি তিশা!
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নানা বিতর্কের কারণে বেশ কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। একদিকে শাড়ি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আইনি ঝামেলা, অন্যদিকে শুটিং সেটে সহকর্মীর সঙ্গে মারামারির জেরে নাট্যশিল্পীদের সংগঠন থেকে সদস্যপদ স্থগিত এমন কঠিন পরিস্থিতির মাঝেই নতুন এক লুকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন এই অভিনেত্রী। লাল রঙের নজরকাড়া বধূবেশে তার নতুন ছবিগুলো ভক্তদের নজর কেড়েছে।
গতকাল শনিবার (৭ নভেম্বর) ফেসবুকে বধূবেশে বেশ কিছু ছবি পোস্ট করেন তানজিন তিশা। ছবিগুলোতে দেখা যায়, তার লাল শাড়িতে সোনালি ও রুপালি জরির সূক্ষ্ম কারুকাজ করা রয়েছে। সঙ্গে নকশাদার ব্লাউজ ও লাল ওড়নায় ফুটে উঠেছে এক রাজকীয় বাঙালি ব্রাইডাল লুক।
মাথায় টিকলি, ভারী সোনালি গয়না, কানে ঝুমকা, গলায় চোকার এবং খোঁপায় সাদা ফুলের সাজে তার এই ঐতিহ্যবাহী রূপ পূর্ণতা পেয়েছে।
তবে রূপের পাশাপাশি আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তার ছবির ক্যাপশন। ছবিগুলোর সঙ্গে অভিনেত্রী লিখেছেন ‘অবিচল, আপসহীন, নির্ভীক, অবিনাশী, অদম্য, অপ্রতিরোধ্য।’ তার এই সংক্ষিপ্ত অথচ জোরালো ক্যাপশনটি বর্তমান পরিস্থিতিতে তার মানসিক অবস্থান বা আত্মপক্ষ সমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন নেটিজেনরা।
ব্যক্তিগত ও পেশাগত জীবনে কঠিন সময় পার করছেন তানজিন তিশা। শাড়ি সংক্রান্ত একটি বিষয় নিয়ে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে ‘আত্মসাৎ ও প্রতারণা’র মামলা চলছে তার বিরুদ্ধে। এর রেশ কাটতে না কাটতেই নাট্যশিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ থেকে তার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। জানা গেছে, অভিনেত্রী সামিয়া অথৈয়ের সঙ্গে শুটিং সেটে মারামারির অভিযোগ এবং পরবর্তীতে বিষয়টি মীমাংসার ব্যাপারে তার অনীহা দেখানোর কারণেই সংগঠনটি এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। একদিকে আইনি লড়াই ও সংগঠনের শাস্তিমূলক ব্যবস্থা, অন্যদিকে আত্মবিশ্বাসী রূপে সামাজিক মাধ্যমে উপস্থিতি সবমিলিয়ে শোবিজ পাড়ায় তানজিন তিশাকে নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

বিনোদন ডেস্ক