দেশি সুরে তারুণ্যের ছোঁয়া: বিএমএফের বাদ্যযন্ত্র কর্মশালা সম্পন্ন
দেশি সুরের ধারাকে আরও ছড়িয়ে দিতে আবারও উদ্যোগ নিল বাংলাদেশ মিউজিশিয়ান্স ফাউন্ডেশন (বিএমএফ)। রাজধানীতে আয়োজিত তাদের সাম্প্রতিক কর্মশালায় দোতরা, বেঞ্জো ও উকুলেলের সুরে মুখর ছিল পুরো দিন।
মগবাজারের বিশাল সেন্টারে বিএমএফ কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা তরুণ যন্ত্রসংগীত শিল্পীরা অংশ নেন। প্রশিক্ষণ দেন প্রবীণ যন্ত্রসংগীত শিল্পী ও প্রশিক্ষক অনুপম বিশ্বাস, যিনি হাতে-কলমে দেশি বাদ্যযন্ত্রের ব্যবহার ও কৌশল তুলে ধরেন অংশগ্রহণকারীদের সামনে।
একুশে পদকপ্রাপ্ত যন্ত্রসংগীত শিল্পী ও সংগঠনটির সভাপতি গাজী আব্দুল হাকিমের সভাপতিত্বে কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সহ সভাপতি আজমির বাবু ও সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবুর সঞ্চালনায় আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য সুমন রেজা খান, সহ সাধারণ সম্পাদক শেখ ফয়েজ পুলক, সমাজকল্যাণ সম্পাদক আশিস কুমার দাস, অর্থ সম্পাদক সুশান্ত কুমার ঘোষ রতন এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী সদস্য সুমন চন্দ্র দাসসহ সংগঠনের অন্য সদস্যরা। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক ও সমন্বয়ক পল্লব সান্যাল।
কর্মশালায় বক্তারা বলেন, দেশি বাদ্যযন্ত্র শুধু সঙ্গীতের মাধ্যম নয়, এটি বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এসব যন্ত্রের সঠিক চর্চা ও বিকাশ তরুণ প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক ধারার সঙ্গে যুক্ত রাখে এবং সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়তা করে।
সংগঠকরা জানান, যন্ত্রসংগীত শিল্পীদের দক্ষতা উন্নয়ন ও কল্যাণে বিএমএফ নিয়মিতভাবে এমন কর্মশালার আয়োজন করছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।

বিনোদন ডেস্ক